Logo
Logo
×
   

খেলা

জাপানের সঙ্গে টি-টোয়েন্টি খেলবে ভারত, নেপথ্যে যে ২ কারণ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ এএম

জাপানের সঙ্গে টি-টোয়েন্টি খেলবে ভারত, নেপথ্যে যে ২ কারণ

সংগৃহীত

আইসিসি ইভেন্টের বাইরে ভারতকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এর বাইরে দলের বিপক্ষে ম্যাচ খেলতে দেখা যায় না তেমন। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৪০ এর বাইরে থাকা জাপানের মুখোমুখি কখনোই হয়নি ভারত। 

বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ের ৪১ নম্বরে থাকা সেই জাপানের বিপক্ষে খেলতে চলেছে দলটি। আগামী ২২ সেপ্টেম্বর তোচিগি প্রদেশের সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে জাপানের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল।

দ্বিপাক্ষিক এই ম্যাচের কারণ অবশ্য ক্রিকেটীয় নয় আদৌ। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেসিএ) আর ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) শুক্রবার সাফ জানিয়ে দিয়েছে, এই ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির উদযাপন। ভারত-জাপান এই টি-টোয়েন্টি ম্যাচটি হবে সুজুকি কাপের ব্যানারে।

আন্তর্জাতিক ক্রিকেটের যেকোনো ফরম্যাটেই এটি হবে ভারত ও জাপানের প্রথম মুখোমুখি লড়াই। ভারত এখন আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে। তারা বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং তিনবারের শিরোপাজয়ী দল। অন্যদিকে আইসিসির পুরুষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ৪১ নম্বরে।

এই দুই দলের মুখোমুখি হওয়ার আরও একটা কারণ অবশ্য আছে। এবং সেটা ক্রিকেটীয়। এবারের এশিয়ান গেমস হচ্ছে জাপানে। তার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে ভারত এই ম্যাচের মাধ্যমে। এই গেমসেই দুই দল একসঙ্গে খেলবে।

১০টি দলকে নিয়ে এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত।

ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ এই সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। নিয়মিত প্রধান কোচ গৌতম গম্ভীর দেশে থেকে যাবেন। কারণ ২৭ সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আছে ভারতের। সেটার দায়িত্বে থাকবেন তিনি।

লক্ষণ অবশ্য কোচ হিসেবে বেশ সফল। অন্তত এশিয়ান গেমসে তো বটেই। এর আগে ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে ভারতকে সোনার পদক জিতিয়েছিলেন লক্ষণ।

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে, সহ-অধিনায়ক তিলক ভার্মা।

ভারতীয় পুরুষ দলের হয়ে অভিষেকের সময় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ছিলেন কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশী। তিনিও আছেন ভারতের ১৫ সদস্যের এশিয়ান গেমস দলে। আছেন পেস আক্রমণের প্রধান ভরসা জসপ্রীত বুমরাহও।

ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর শ্রীলঙ্কা টুর্নামেন্টের বাছাই দল। তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।

গ্রুপ 'এ'-তে আছে আফগানিস্তান, জাপান আর নেপাল। গ্রুপ 'বি'-তে আছে হংকং, চীন, মালয়েশিয়া আর ওমান। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে যাবে।

এশিয়ান গেমসে এবার চতুর্থবারের মতো ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে। ক্রিকেট থাকা প্রথম দুই আসরে ভারত অংশ নেয়নি। এবার তারা টুর্নামেন্টে নামবে বর্তমান চ্যাম্পিয়নের মর্যাদা নিয়ে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম