চেলসির মালিকানা পরিবর্তন, নিয়ন্ত্রণ নেবে ক্লিয়ারলেক
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চেলসির সংখ্যালঘু মালিক টড বোয়েলি ও মার্ক ওয়াল্টারের হাতে থাকা শেয়ার কিনে ক্লাবটির পুরো নিয়ন্ত্রণ নেওয়ার পথে ক্লিয়ারলেক ক্যাপিটাল গ্রুপ। এই মালিকানা পরিবর্তনের মাধ্যমে চেলসির সঙ্গে বোয়েলির অধ্যায়েরও সমাপ্তি ঘটতে যাচ্ছে। রোমান আব্রামোভিচ-পরবর্তী সময়ে ক্লাবটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই মার্কিন ধনকুবের।
রয়টার্সের তথ্য অনুযায়ী, শেয়ার কেনার এই চুক্তির মূল্য প্রায় ৯৫০ মিলিয়ন পাউন্ড হতে পারে। চুক্তিতে ক্লিয়ারলেকের সঙ্গে অংশ নিচ্ছেন চেলসির আরেক সংখ্যালঘু মালিক সুইস ধনকুবের হান্সইয়র্গ ভিস। বোয়েলি ও ওয়াল্টারের হাতে থাকা শেয়ার মিলিয়ে ক্লাবটির প্রায় ২৫ শতাংশ মালিকানা রয়েছে।
ক্লিয়ারলেক ক্যাপিটাল গ্রুপের সহপ্রতিষ্ঠাতা বেহদাদ এগবালি ও হোসে ই. ফেলিসিয়ানো। ২০২২ সাল থেকে তারাই চেলসির সংখ্যাগরিষ্ঠ মালিক। এবার বোয়েলি ও ওয়াল্টারের শেয়ার অধিগ্রহণের মাধ্যমে ক্লাবটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসবে।
মালিকানা পরিবর্তন নিয়ে চেলসি এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাব যে কৌশলগত পথে এগোচ্ছে, সেটিকে আরও এগিয়ে নেওয়া এবং বর্তমান মালিকানা গোষ্ঠীর নির্ধারিত উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই ক্লিয়ারলেকের লক্ষ্য। একই সঙ্গে ক্লাব জানিয়েছে, দৈনন্দিন কার্যক্রম, নেতৃত্ব কিংবা কৌশলগত পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না।
২০২২ সালের মে মাসে বর্তমান মালিকানা গোষ্ঠী রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের কাছ থেকে চেলসি কিনেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই সময় ক্লাবটির মালিকানা বদলের চুক্তির মূল্য ছিল ৪.২৫ বিলিয়ন পাউন্ড।
বোয়েলির বিদায় প্রসঙ্গে এগবালি ও ফেলিসিয়ানো বলেন, ‘চেলসির মালিকানার পুরো সময়জুড়ে টড গুরুত্বপূর্ণ একজন অংশীদার ছিলেন। চেয়ারম্যান হিসেবে তার সময় ও অবদানের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। চেলসির গল্প ও পরিবারের অংশ হিসেবেই তিনি সবসময় থাকবেন।’

