Logo
Logo
×
   

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

লিংকডইনে দীর্ঘ পোস্টগুলোর ৪০ শতাংশই এআই-নির্ভর, বলছে গবেষণা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:০৩ পিএম

লিংকডইনে দীর্ঘ পোস্টগুলোর ৪০ শতাংশই এআই-নির্ভর, বলছে গবেষণা

লিংকডইনের তথ্য অনুযায়ী, প্রতিদিন কয়েক লাখ স্বয়ংক্রিয় (অটোমেটেড) মন্তব্য করার চেষ্টা প্ল্যাটফর্মটি প্রতিহত করছে।

পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক গমাধ্যম লিংকডইন-এ প্রকাশিত দীর্ঘ পোস্টগুলোর প্রায় ৪০ শতাংশই সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—এমন তথ্য উঠে এসেছে এআই শনাক্তকরণ স্টার্টআপ প্যাংগ্রামের এক গবেষণায়। এ তথ্য প্রকাশের পর এআই-নির্ভর নিম্নমানের কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফটের মালিকানাধীন প্ল্যাটফর্মটি।

নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন কোনো পোস্টকে মূলত এআই দিয়ে তৈরি বলে মনে করলে সেটি চিহ্নিত করতে পারবেন। এ জন্য প্রতিটি পোস্টের তিন ডট (⋮) মেন্যুতে ‘সিমস লাইক এআই স্লপ’ নামে একটি অপশন যুক্ত করা হয়েছে।

লিংকডইনের প্রধান পণ্য কর্মকর্তা হরি শ্রীনিবাসন জানান, ব্যবহারকারীদের দেওয়া এ প্রতিক্রিয়া প্ল্যাটফর্মের এআই শনাক্তকরণ মডেল আরও উন্নত করতে এবং নিউজফিডের মান বাড়াতে সহায়তা করবে। 

কোনো পোস্ট বারবার ফ্ল্যাগ হলে সেটির প্রচার কমিয়ে দেওয়া হতে পারে। এটি অনেকটা ‘নট ইন্টারেস্টেড’ হিসেবে চিহ্নিত কনটেন্টের মতোই কম সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কনটেন্ট নির্মাতা তার অ্যানালিটিকস ড্যাশবোর্ডে ব্যক্তিগতভাবে একটি নোটিফিকেশন পাবেন, যেখানে জানানো হবে যে তার পোস্টটি ব্যবহারকারীদের কাছে অস্বাভাবিক বা কৃত্রিম বলে মনে হয়েছে।

এআই কনটেন্ট নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে লিংকডইন

লিংকডইনের তথ্য অনুযায়ী, প্রতিদিন কয়েক লাখ স্বয়ংক্রিয় (অটোমেটেড) মন্তব্য করার চেষ্টা প্ল্যাটফর্মটি প্রতিহত করছে। এছাড়া গত কয়েক মাসে লাখো স্বয়ংক্রিয় কার্যক্রমও বন্ধ করা হয়েছে।   

এদিকে, প্রতিষ্ঠানটি তাদের এআইভিত্তিক ‘এনহ্যান্স ইয়োর পোস্ট’ লেখালেখির সহায়ক টুলটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিবর্তে একটি প্রুফ রিডিং টুল চালু করা হবে, যা ব্যবহারকারীর নিজস্ব লেখার ধরন অক্ষুণ্ন রেখে কেবল ভাষাগত সংশোধনে সহায়তা করবে।

প্রযুক্তি খাতে বাড়ছে এআই কনটেন্ট নিয়ে উদ্বেগ

এআই-নির্ভর কনটেন্টের বিস্তার শুধু লিংকডইনের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রযুক্তি খাতজুড়েই এ নিয়ে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাবস্ট্যাক সম্প্রতি প্যাংগ্রামের সঙ্গে অংশীদারত্বে এআই শনাক্তকরণ সুবিধা চালু করেছে। একই সময়ে প্যাংগ্রাম তাদের শনাক্তকরণ প্রযুক্তি আরও উন্নত করতে ৯ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে।

অন্যদিকে ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজ ভেরিফিকেশন ব্যবস্থা আরও সম্প্রসারণের পাশাপাশি কোম্পানির পেজ থেকে আসা অনাকাঙ্ক্ষিত মন্তব্য ব্লক করার নতুন সুবিধাও যুক্ত করছে।

এদিকে ক্লাউড সেবা প্রদানকারী ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, বর্তমানে ইন্টারনেটে মানুষের তুলনায় স্বয়ংক্রিয় বট ট্রাফিক-ই বেশি। ফলে অনলাইনে কোনটি মানুষের তৈরি কনটেন্ট আর কোনটি এআই-নির্ভর—তা শনাক্ত করা প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

সূত্র: সামা টিভি অনলাইন 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .