Logo
Logo
×
   

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

দুর্বল নেটওয়ার্কের পেছনের কারণ ও সমাধান জানুন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:৪১ এএম

দুর্বল নেটওয়ার্কের পেছনের কারণ ও সমাধান জানুন

বিশ্বের বিভিন্ন দেশে যখন সিক্সজি প্রযুক্তি নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চলছে, তখন অনেক অঞ্চলের মানুষ এখনও ফাইভজির পূর্ণ সুবিধা পাচ্ছেন না। ফলে দুর্বল মোবাইল নেটওয়ার্ক, ঘন ঘন কল ড্রপ, খারাপ ভয়েস কোয়ালিটি এবং ধীরগতির ইন্টারনেটের মতো সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।

তবে এসব সমস্যার জন্য সবসময় মোবাইল অপারেটরকে দায়ী করা ঠিক নয়। ফোনের সেটিংস, সিমকার্ড কিংবা আশপাশের পরিবেশও দুর্বল সিগন্যালের কারণ হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক দুর্বল নেটওয়ার্কের পেছনের যথাযথ কারণ এবং কীভাবে তা সমাধান করা যেতে পারে-

এয়ারপ্লেন মোড চালু-বন্ধ করুন

নেটওয়ার্কের সমস্যা দেখা দিলে ফোনে প্রথমে এয়ারপ্লেন মোড চালু করে ১০ থেকে ২৫ সেকেন্ড অপেক্ষা করা যেতে পারে। এরপর সেটি বন্ধ করে স্বাভাবিক মোডে ফিরলে ফোনটি আশপাশের মোবাইল নেটওয়ার্কের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপন করে। অনেক সময় এতে সিগন্যালের মান উন্নত হয়।

ফোন রিস্টার্ট করে দেখুন

সাধারণ নেটওয়ার্ক সমস্যার দ্রুত সমাধান হিসেবেও ফোন রিস্টার্ট করা কার্যকর হতে পারে। ডিভাইস পুনরায় চালু হওয়ার পর এটি কাছাকাছি মোবাইল টাওয়ারের সঙ্গে নতুন করে সংযোগ তৈরি করে, ফলে নেটওয়ার্কের মান কিছু ক্ষেত্রে ভালো হতে পারে।

প্রয়োজনে নেটওয়ার্ক মোড পরিবর্তন করুন

সব এলাকায় ফোরজি বা ফাইভজির সিগন্যাল সমান শক্তিশালী নয়। কোনো এলাকায় ফাইভজি বা অটো নেটওয়ার্ক মোডে সমস্যা হলে সেটিংস থেকে ফোরজি বা প্রয়োজনে থ্রিজি নির্বাচন করে দেখা যেতে পারে। এতে কল ও ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা উন্নত হওয়ার সম্ভাবনা থাকে।

সিমকার্ড পরিষ্কার রাখুন

সিমকার্ডের সংযোগস্থলে ধুলা বা ময়লা জমলেও নেটওয়ার্কে সমস্যা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে ফোন সম্পূর্ণ বন্ধ করে সিমকার্ড বের করে নরম কাপড় দিয়ে পরিষ্কার করে আবার সঠিকভাবে স্লটে বসানো যেতে পারে।

অবস্থানও গুরুত্বপূর্ণ

লিফট, বেজমেন্ট, মোটা কংক্রিটের দেয়াল কিংবা বড় ভবনের ভেতরের অংশে মোবাইল সিগন্যাল সহজেই দুর্বল হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে জানালার কাছে বা খোলা জায়গায় গেলে অনেক সময় তুলনামূলক ভালো নেটওয়ার্ক পাওয়া যায়।

নেটওয়ার্ক বিশেষজ্ঞদের মতে, সাধারণ সমস্যার ক্ষেত্রে এসব পদক্ষেপ বেশ কার্যকর হতে পারে। তবে একই সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো উচিত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .