Logo
Logo
×
   

আনন্দ নগর

হ্যালো...

গল্প ও চরিত্র বিশ্বাসযোগ্য হলেই সিনেমা করব

নাটকের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ২০২০ সালে একটি ওয়েব সিরিজ দিয়েই তার পথচলা শুরু। এর দুবছর পর একটি অ্যান্থলজি সিনেমায় দেখা গেছে তাকে। দীর্ঘ বিরতির পর আবারও ওটিটিতে ফিরছেন তিনি। সম্প্রতি মুক্তি পায় তার অভিনীত একটি ওয়েব ফিল্ম। এ প্রসঙ্গে ও অন্যান্য বিষয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

Icon

রিয়েল তন্ময়

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গল্প ও চরিত্র বিশ্বাসযোগ্য হলেই সিনেমা করব

জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত

* নতুন ওয়েব ফিল্মে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

** অনেক দিন পর ওটিটিতে কাজ করলাম। ভালোই লাগল। ফিল্মটির নাম ‘তোমার জন্য মন’, নির্মাণ করেছেন শিহাব শাহীন। অপরিচিত দুজন মানুষ নিয়ে গল্পটি এগোয়। দেখা যাবে, কক্সবাজারে দুই শহরের দুটি মানুষের দেখা হয়, পরিচয় হয়। একটা সময় পর ভুল বোঝাবুঝি হতে থাকে তাদের মধ্যে। এটিকে রোমান্টিক জনরার গল্প বলা যেতে পারে। অবশ্যই গল্পের শেষে দারুণ টুইস্ট রয়েছে। এ গল্পের মূল মোটিভ হলো, মানুষের বাহ্যিক সৌন্দর্যই সব নয়, ভেতরের সৌন্দর্যই আসল।

* ওটিটিতে অনিয়মিত কেন?

** অনিয়মিত নই। ওটিটি দিয়েই তো আমার ক্যারিয়ার শুরু। আসলে এতদিন একটি ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলাম। অনেক প্রস্তাবও এসেছে। কিন্তু আমার কাছে সবসময় মনে হতো, ওয়েব কনটেন্টে এমন কোনো গল্প ও চরিত্রে কাজ করা উচিত যেখানে অভিনয়ের সুযোগ থাকে। অবশেষ এ ফিল্মটি পেলাম। মনে হয়েছে এটি করা যায়, এখানে কাজ করার যথেষ্ট সুযোগ ছিল।

* সিনেমা নিয়ে পরিকল্পনা কী?

** সিনেমায় যে কাজ করতে চাই না ব্যাপারটি এমন নয়। কিছুদিন আগেও আমার অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন’ নামে। যদিও এতে আমি অতিথি চরিত্রে অভিনয় করেছি। তবে মুখ্য চরিত্র হয়ে বড়পর্দায় আসতে আরও একটু সময় নেওয়া প্রয়োজন। এর মধ্যে কয়েকটি সিনেমার প্রস্তাব এসেছে। কথাও হয়েছে। কিন্তু একটিতেও চুক্তিবদ্ধ হইনি। কারণ, আমি যে চরিত্রটি করব সেটি আগে আমার বিশ্বাসযোগ্য হতে হবে। আমার বুঝতে হবে আমি কেন এ চরিত্রটি করব। যদি গল্প ও চরিত্র আমার কাছে বিশ্বাসযোগ্য মনে না হয়, তাহলে আমি কেন করব সিনেমা। তাই আমি ভাবছি আরও একটু সময় নিই, ভালো কিছুর জন্য। এমন সিনেমা কাজ করতে চাই যেখানে নিজের সন্তুষ্টি থাকবে।

* আপনার অভিনীত নাটকগুলো ভিউয়ের দৌড়ে এগিয়ে থাকে। দর্শক ভিউ দিয়ে কি নাটকের মানদণ্ড নির্ধারণ করা যায়?

** ভিউ দিয়ে নাটকের মান নির্ধারণ করা যায় বলে, আমার কাছে মনে হয় না। দেখা যায়, একটা নাটকে অনেক ভিউ, কিন্তু সেটি যে খুব ভালো নাটক তা নয়। আড়ালে পড়ে থাকা অনেক নাটক আছে, যেগুলো ওইভাবে দর্শকের কাছে পৌঁছায়নি। আমাদের অনেক দর্শক হালকা কনটেন্ট দেখতে পছন্দ করেন। সহজ জিনিস দেখতেই বেশি পছন্দ করি আমরা।

* কোনো অভিনেত্রীকে কি আদর্শ মানেন?

** অভিনয়ে আমি কাউকেই অনুসরণ বা অনুকরণ করি না। আমার কাছে কেন যানি মনে হয়, অনুসরণ করতে গেলে অভিনয় আরও বাজে হয়। বরং নিজের মতো করে কাজ করলে আরও ভালো করতে পারি। তবে আদর্শ সেভাবে না মানলেও, অনেকেই আছেন যাদের অভিনয় আমার ভালো লাগে।

* অভিনেত্রী না হলে কী হতেন?

** গাইনির ডাক্তার হব ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। মেডিকেলে পরীক্ষাও দিয়েছিলাম। নীলফামারী মেডিকেলে চান্স পাই। ইচ্ছা ছিল বরিশাল মেডিকেল। হলো না। পরে আর আলাদা করে ক্যারিয়ারে কোনো কিছু হব ভাবিইনি। এরপর তো নর্থ সাউথে বিবিএ মার্কেটিং করলাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .