টুকরো খবর
ওয়েব ফিল্ম ‘চা গরম’-এ অন্য এক সাফা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর একটি সিনেপ্লেক্সে এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির অভিনীত শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত ‘চা গরম’ ওয়েব ফিল্মটির বিশেষ প্রদর্শনী হবে আজ। এর আগেও বাংলাদেশে চা বাগানের ভেতরকার জীবনের গল্প নিয়ে বিভিন্ন ধরনের নাটক, সিনেমা তৈরি হয়েছে। সাফার ভাষ্যমতে, চা বাগানের শ্রমিকদের জীবনের আবেগ-অনুভূতি, সুখ দুঃখ, হাসি-কান্না, প্রেম ভালোবাসা, জীবনের ভয়াবহতা, নির্মমতা এর আগে কোনো নাটকে তুলে ধরা হয়েছে কি না তার জানা নেই। এ ওয়েব ফিল্মে এসব বিষয় নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এর আগেও আমি চা বাগানের গল্প নিয়ে নির্মিত নাটকে অভিনয় করেছি। কিন্তু সেসব নাটকে গল্প বোঝাতে বাগানটা শুধুই ব্যাকড্রপ হিসাবে ছিল। কিন্তু এ ওয়েব ফিল্মে কাজ করতে গিয়ে চা বাগানের শ্রমিকদের জীবনকে খুব কাছে থেকে দেখেছি। তাদের বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য একটি ভালো স্কুল নেই, নেই হাসপাতাল, ঠিকঠাক মতো মোবাইলের নেটওয়ার্কও কাজ করে না যে, তারা একটি স্মার্ট ফোন ব্যবহার করে বিশ্ব সম্পর্কে জানবে। নিজেদের এগিয়ে নিয়ে যাবে। সেই আদিকালের নিয়ম এখনো অব্যাহত। সারা দিন কাজ শেষে যে পারিশ্রমিক পায় তা নামেমাত্র। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা কথা মনে পড়ে যায়, তিনি তার পদ্মা নদীর মাঝির গল্পে লিখেছিলেন-ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লিতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। চা বাগানের শ্রমিকদের জীবনযাত্রা দেখে আমার ঠিক তাই অনুভব হলো। তো এ ওয়েব ফিল্মে আমি একজন ইন্টার্ন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছি। চা বাগানে ইন্টার্ন করতে গিয়েই আমার আই ওপেনিং হয় এবং আমার মধ্যদিয়েই গল্পটা বলা হয়েছে।
