‘হাঙ্গার গেমস’ ফিরছে নতুন গল্পে
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
জনপ্রিয় ‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য সুখবর। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জনপ্রিয় ‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য সুখবর, আসছে নতুন প্রিক্যুয়েল সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস : সানরাইজ অন দ্য রিপিং’। সম্প্রতি এর প্রথম ফুটেজ প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট, আর তাতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে বহু প্রতীক্ষিত এ সিনেমা। প্রকাশিত ফুটেজে দেখা গেছে একঝাঁক তারকার উপস্থিতি। এফি ট্রিঙ্কেট চরিত্রে এলি ফ্যানিং, সিজার ফ্লিকারম্যান হিসাবে কিয়ারান কালকিন, প্লুটার্ক হেভেন্সবি চরিত্রে জেসি প্লেমন্স এবং প্রেসিডেন্ট স্নো হিসাবে রালফ ফাইনস-সব মিলিয়ে শক্তিশালী একটি অভিনয় দল গড়ে উঠেছে। এ ছাড়া রয়েছেন কেলভিন হ্যারিসন জুনিয়র, লিলি টেইলর, জোসেফ জাদা এবং মায়া হকসহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন ফ্রান্সিস লরেন্স, যিনি আগের ‘হাঙ্গার গেমস’ সিনেমাগুলোর সঙ্গেও যুক্ত ছিলেন। চিত্রনাট্য লিখেছেন বিলি রে, যা সুজান কলিন্সের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। জানা গেছে, সিনেমাটি আগামী ২০ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এই প্রিক্যুয়েলের গল্প আবর্তিত হয়েছে প্যানেমের ৫০তম হাঙ্গার গেমসকে ঘিরে। মূল গল্পের ঘটনার প্রায় ২৪ বছর আগে, এক গুরুত্বপূর্ণ সময়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এ কাহিনি। ফলে দর্শকরা নতুন করে জানতে পারবেন হাঙ্গার গেমসের ইতিহাস এবং চরিত্রগুলোর অতীতের নানা অজানা দিক। উল্লেখযোগ্য বিষয় হলো, ‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির আগের পাঁচটি সিনেমা বিশ্বজুড়ে ৩.৩ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। বিশেষ করে জেনিফার লরেন্সের ক্যাটনিস চরিত্রটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তার সঙ্গে জশ হাচারসন ও লিয়াম হেমসওর্থের অভিনয়ও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
এদিকে গুঞ্জন উঠেছে, নতুন এ সিনেমায় জেনিফার লরেন্স ও জশ হাচারসন আবারও তাদের পরিচিত চরিত্রে ফিরতে পারেন। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে ভক্তদের আগ্রহ তাতে আরও বেড়ে গেছে। নতুন এ সিনেমাটি ২০২৩ সালের ‘দ্য হাঙ্গার গেমস : দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’-এর পরবর্তী অধ্যায় হিসাবে আসছে। আগের সিনেমার মতোই এতে থাকবে রাজনীতি, টিকে থাকার লড়াই এবং মানবিক সম্পর্কের জটিলতা। বলা যায়, ‘সানরাইজ অন দ্য রিপিং’ শুধু একটি প্রিক্যুয়েল নয়-এটি ‘হাঙ্গার গেমস’ দুনিয়ার আরও গভীরে যাওয়ার এক নতুন দরজা খুলে দেবে। এখন দেখার বিষয়, মুক্তির পর এটি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।
