মঞ্চে প্রদর্শনী
বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মঞ্চে, ঢাকায় বাঁশরী রেপার্টরি থিয়েটারের পরিবেশনায় আজ মঞ্চায়ন হবে কাজী নজরুল ইসলাম অনবদ্য সৃষ্টি ‘আলেয়া’ নাটকের। এর নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। নাট্য ভাবনা ও পরিকল্পনায় রয়েছেন ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। নাটকের কাহিনিতে নায়করূপে আবির্ভূত হয়েছে, মীনকেত নামের চরিত্রটি। আর নায়িকা চরিত্রের নামটি হচ্ছে জয়ন্তী। রূপসুন্দর যৌবনের প্রতীক মীনকেত। অন্যদিকে আপন তেজশক্তিতে উজ্জ্বল এক নারী জয়ন্তী। সেই বাস্তবতায় রহস্যময় এ দুই নর-নারী জীবনের ঘটনা প্রবাহকে উপজীব্য করে এগিয়ে যায় কাহিনি। প্রতীকী সেই কাহিনিতে গোলকধাঁধায় আবর্তিত হয় বাকি চরিত্রগুলো। সবাই যেন ছুটে চলে মরীচিকার পেছনে। সেখানে জয়ন্তীকে একান্তভাবে পেতে চায় দুই বিরোধী শক্তি। তারা হচ্ছে নারীর আদিম প্রবৃত্তিগুলোর প্রতীক উগ্রাদিত্য এবং নিখিল পুরুষের প্রতীক মীনকেত। এ ছন্দে মীনকেতের পৌরুষের আঘাতে উগ্রাদিত্যের পতন ঘটে। এভাবেই পরিসমাপ্তির দিকে এগিয়ে যায় কাহিনি।
নাটকটিতে মীনকেতসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রমিজ রাজু, জয়ন্তী চরিত্রে সংগীতা ও উগ্রাদিত্য চরিত্রে দীপু মাহমুদ। অন্যান্য চরিত্রের অভিনয়শিল্পী হলেন এ কে আজাদ সেতু, শারমীন, মোনালিসা, রাজিব, প্রজ্ঞা, সানজানা, চন্দ্রিমা, নাজমুল হুদা, ফখরুজ্জামান, সফিউল আজম প্রমুখ। মঞ্চ পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ। পোশাক পরিকল্পনা করেছেন আইরিন পারভীন লোপা।
এ ছাড়া কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনের অংশ হিসাবে স্টুডিও থিয়েটার হলে আজ মঞ্চায়িত হবে বরিশাল থিয়েটার প্রযোজিত, সোনিয়া খান নির্দেশিত ‘পুতুলের বিয়ে’ এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ প্রযোজিত, ধীমান চন্দ্র বর্মণ নির্দেশিত নাটক ‘বউয়ের বিয়ে’। এর পাশাপাশি মূল হলের বহিরাঙ্গনে পরিবেশিত হবে নজরুল সংগীত আবৃত্তি এবং গান। প্রসঙ্গত, শনিবার এ উৎসবের উদ্বোধন হয়।
