Logo
Logo
×
   

আনন্দ নগর

অস্ট্রেলিয়ায় রুনা লায়লা

জনপ্রিয়তার আলোয় এখনো অনন্য

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জনপ্রিয়তার আলোয় এখনো অনন্য

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা দীর্ঘ বছর পর আবারও অস্ট্রেলিয়ায় গানের অনুষ্ঠানে অংশ নিতে দেশ ছেড়েছেন। ২৮ জুলাই রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরসূচি অনুযায়ী, ১ আগস্ট সিডনিতে এবং ৮ আগস্ট মেলবোর্নে দুটি বিশেষ সংগীতানুষ্ঠানে অংশ নেবেন তিনি। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের জন্য পরিবেশন করবেন তার জনপ্রিয় কিছু গান। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে এ বরেণ্য শিল্পীর। অস্ট্রেলিয়া সফর নিয়ে রুনা লায়লা বলেন, ‘অনেক দিন পর অস্ট্রেলিয়ায় যাচ্ছি। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে গান ভাগাভাগি করার সুযোগ সব সময়ই আমার কাছে বিশেষ আনন্দের। আশা করছি, সবাইকে নিয়ে দুটি সুন্দর সন্ধ্যা কাটবে।’

ছয় দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে নিজের অবস্থান ধরে রাখা রুনা লায়লা বাংলা, হিন্দি, উর্দুসহ একাধিক ভাষায় অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় শিল্পীতে পরিণত হয়েছেন। সম্প্রতি তার দীর্ঘ সংগীত জীবনে নতুন একটি মাইলফলক যুক্ত হয়েছে। ৬২ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে তার একক সংগীতসন্ধ্যা। দর্শক-শ্রোতার ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাসে আয়োজিত অনুষ্ঠানটি রুনা লায়লার সংগীত জীবনের আরেকটি স্মরণীয় অধ্যায়ে পরিণত হয়। একই আয়োজনে তাকে দেশের সংগীত ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয়ভাবে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। দীর্ঘ সংগীত জীবনে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জনের পাশাপাশি এ সম্মাননা তার অবদানের প্রতি জাতির গভীর শ্রদ্ধারই বহিঃপ্রকাশ।

দেশে-বিদেশে নিয়মিত মঞ্চ পরিবেশনা, নতুন প্রজন্মের কাছে সমান গ্রহণযোগ্যতা এবং সময়ের সঙ্গে নিজেকে প্রাসঙ্গিক রাখার সক্ষমতা, সব মিলিয়ে রুনা লায়লা আজও বাংলা গানের অন্যতম উজ্জ্বল নাম। দশকের পর দশক পেরিয়ে গেলেও নিজের জনপ্রিয়তা একটুও ম্লান হয়নি এ প্রখ্যাত সংগতিশিল্পীর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .