Logo
Logo
×
   

আনন্দ নগর

বিগ বস নয়, এলনাজের দৃষ্টি এখন হলিউডে

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিগ বস নয়, এলনাজের দৃষ্টি এখন হলিউডে

সালমান খানের উপস্থাপনায় রিয়েলিটি শো ‘বিগ বস’র ২০তম আসরের সম্ভাব্য প্রতিযোগী হিসাবে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এলনাজ নরোজির নাম। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে আপাতত অভিনয় ক্যারিয়ারের আন্তর্জাতিক অধ্যায়েই মনোযোগী এ ইরানি বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী।

‘বিগ বস’-এর নতুন মৌসুম মানেই তারকাদের সম্ভাব্য তালিকা নিয়ে জল্পনা। সেই তালিকায় এবারও উঠে এসেছে এলনাজ নরোজির নাম। কিন্তু অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘বিগ বস ২০’-এ তার অংশ নেওয়ার খবরের কোনো সত্যতা নেই। বরং এ মুহূর্তে এলনাজের ব্যস্ততার মূল কারণ হলিউডের নতুন সিনেমা ‘দ্য ফিক্স’। গাই মোশে পরিচালিত অ্যাকশন-থ্রিলারটি আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। সিনেমায় এলনাজকে দেখা যাবে লিয়াম নিসন ও জ্যাকারি লেভির সঙ্গে। যুদ্ধবিধ্বস্ত সাবেক সিআইএ অপারেটরদের তেহরানে একটি ঝুঁকিপূর্ণ মিশন ঘিরেই আবর্তিত হয়েছে সিনেমাটির গল্প।

‘দ্য ফিক্স’ এলনাজের আন্তর্জাতিক ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ। এর আগে ২০২৩ সালের হলিউড সিনেমা ‘কান্দাহার’-এ জেরার্ড বাটলারের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। তবে ভারতীয় দর্শকের কাছে এলনাজ সবচেয়ে বেশি পরিচিত নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘সেক্রেড গেমস’-এর জোয়া চরিত্রের জন্য। সিরিজটির সাফল্য তাকে ভারতীয় বিনোদন জগতে পরিচিত মুখ করে তোলে।

শুধু ‘সেক্রেড গেমস’ নয়, এলনাজ অভিনয় করেছেন ‘মেড ইন হেভেন’, ‘চুটজপাহ’, ‘অভয়’ এবং অ্যাপল টিভি প্লাসের ‘তেহরান’-এর মতো আন্তর্জাতিক ওটিটি প্রযোজনায়। ‘কান্দাহার’-এ অভিনয়ের মাধ্যমে হলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

তবে অভিনয়ের জগতে পা রাখার আগে দীর্ঘদিন মডেল হিসাবে কাজ করেছেন এলনাজ। মাত্র ১৪ বছর বয়সে মডেলিং শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন তিনি। ইরানের তেহরানে জন্ম নেওয়া এলনাজ পরে পরিবারের সঙ্গে জার্মানিতে বেড়ে ওঠেন। পড়াশোনা শেষ করে পাড়ি জমান ভারতে।

ভাষার ক্ষেত্রেও তার রয়েছে বাড়তি সুবিধা। ফারসি, জার্মান ও ইংরেজির পাশাপাশি হিন্দি, উর্দু ও পাঞ্জাবিতেও সাবলীল তিনি। ফলে ভারতীয় ও আন্তর্জাতিক, দুই বিনোদন জগতেই কাজের সুযোগ তৈরি হয়েছে তার জন্য।

এলনাজকে নিয়ে ‘বিগ বস’-এর গুঞ্জন নতুন নয়। ২০২৫ সালে তিনি রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এ অংশ নিয়েছিলেন। তবে এবার আপাতত রিয়্যালিটি শোর ঘরে নয়, বড় পর্দায়ই নিজেকে নতুনভাবে তুলে ধরতে চান এই অভিনেত্রী। সামনে ‘দ্য ফিক্স’, আর সেটিই এখন অভিনেত্রীর সবচেয়ে বড় ‘প্রজেক্ট’।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .