এক ব্যাটারিতে গাড়ি চলবে ১০ লাখ মাইল
মো. হেলাল উদ্দিন
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
ইলেকট্রিক গাড়ির (ইভি) জনপ্রিয়তা বিশ্বজুড়ে দ্রুত বাড়লেও ব্যাটারির আয়ু এবং দ্রুত চার্জিং নিয়ে চালকদের উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি। দীর্ঘ সময় চার্জ দেওয়া, ব্যাটারির ধীরে ধীরে কর্মক্ষমতা হারানো এবং অতিরিক্ত তাপের কারণে ক্ষতির আশঙ্কা অনেককেই ইভি ব্যবহারে দ্বিধাগ্রস্ত করে। তবে এ বাস্তবতায় আশার খবর নিয়ে এসেছে চীনের শীর্ষ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান ক্যাটল। প্রতিষ্ঠানটি নতুন প্রজন্মের ‘৫সি আল্ট্রা-ফাস্ট-চার্জিং’ ব্যাটারি প্রযুক্তির ঘোষণা দিয়েছে, যা প্রচলিত ব্যাটারির তুলনায় ছয়গুণ বেশি স্থায়িত্ব দিতে পারে বলে দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, এ ব্যাটারি ১০ লাখ মাইলেরও বেশি পথচলার সক্ষমতা অর্জন করতে পারে বলেও জানিয়েছে কোম্পানিটি। সাধারণভাবে দ্রুত চার্জিং প্রযুক্তি ব্যাটারির ভেতরের কোষগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়; কিন্তু ক্যাটলের দাবি, তাদের নতুন প্রযুক্তি এ সমস্যার কার্যকর সমাধান দিতে সক্ষম। পরীক্ষাগারে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১,৪০০ বার চার্জ ও ডিসচার্জের পরও ব্যাটারিটি তার মূল সক্ষমতার ৮০ শতাংশ ধরে রাখতে পেরেছে। এমন পরিবেশকে দুবাইয়ের মতো অত্যন্ত উষ্ণ অঞ্চলে গাড়ি চালানোর সমতুল্য হিসাবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। কোম্পানির হিসাব অনুযায়ী, প্রতি চার্জে প্রায় ৬০০ কিলোমিটার পথ চলতে সক্ষম একটি গাড়ি এ ব্যাটারির সাহায্যে প্রায় ৮ লাখ ৪০ হাজার কিলোমিটার ভ্রমণ করতে পারবে। আরও চমকপ্রদ বিষয় হলো, প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরীক্ষায় ব্যাটারিটি ৩,০০০ চার্জিং সাইকেল সম্পন্ন করেছে। একই রেঞ্জ ধরে হিসাব করলে এর মোট সক্ষমতা দাঁড়ায় প্রায় ১৮ লাখ কিলোমিটার। এ সাফল্যের পেছনে রয়েছে উন্নত উপাদান, আধুনিক উৎপাদন প্রক্রিয়া এবং অত্যাধুনিক ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম।
