দৌলতপুরে বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু
নলছিটিতে প্রাণ গেল শিশুর
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দৌলতপুরে বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন বর। নলছিটিতে অটোরিকশার চার্জিং লাইনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু হয়েছে। অপর শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : কুষ্টিয়ার দৌলতপুরে বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্টে আনাস আহমেদ বাপ্পি (২৪) নামে বরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পি ওই গ্রামের ইউসুফ আলীর একমাত্র ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার পারিবারিকভাবে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের জারা (২০) নামে এক তরুণীর সঙ্গে আনাসের বিয়ে হয়। বিয়ে শেষে বিকালে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। নতুন বউকে দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। ছেলে ও নতুন বউকে ঘিরে পরিবারে ছিল আনন্দের আমেজ। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিয়ের রাতেই বাড়িতে নাচ-গানের আয়োজন করা হয়। সেখানে একটি প্যান্ডেলে আনাস একটি স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসেছিলেন। হঠাৎ ফ্যানটি তার শরীরের ওপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। ঝালকাঠির নলছিটিতে অটোরিকশার চার্জিং লাইনে বিদ্যুৎস্পৃষ্টে সজল চন্দ্র দেবনাথ (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তাহসিন (৯) নামে আরও এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দেওপাশা গ্রামের খালেক মুন্সীর মাদ্রাসার পাশে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সজল দেওপাশা গ্রামের বাবুল চন্দ্র দেবনাথের ছেলে। আহত তাহসিন পার্শ্ববর্তী মালোয়ার গ্রামের কবির হোসেনের ছেলে। জানা যায়, দেওপাশা গ্রামে অটোরিকশার চার্জিং লাইনে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত ওই দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সজলকে মৃত ঘোষণা করা হয়।
