Logo
Logo
×
   

বাংলার মুখ

দোহারে খেলা শেষে পুকুরে প্রাণ গেল স্কুলছাত্রের

লোহাগাড়া বড়াইগ্রাম ও তারাকান্দায় ৩ শিশুর মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দোহারে ফুটবল খেলা শেষে কলেজের পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে স্কুলছাত্র। এছাড়া বড়াইগ্রাম তারাকান্দা ও লোহাগাড়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : ঢাকার দোহারে শুক্রবার ফুটবল খেলা শেষে কলেজের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত বিশাল ঘোষ উপজেলার পূর্ব লটাখোলা এলাকার মনির ঘোষের ছেলে। সে স্থানীয় আজাহার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের (আজাহারী স্কুল) নবম শ্রেণির ছাত্র ছিল। জানা যায়, শুক্রবার ভোরে বিশাল জয়পাড়া কলেজ মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে গোসলে নেমে সে ডুবে যায়। নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে হাসান আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ভরতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান ভরতপুর গ্রামের আব্দুল হাকিমের ছোট ছেলে। জানা গেছে, শিশুটির মা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ঘরে শুয়েছিলেন। হাসান বাড়ির উঠানে খেলার একপর্যায়ে পুকুরে পড়ে যায়। ময়মনসিংহের তারাকান্দায় পুকুরে ডুবে সুরাইয়া বেগম (১৪) নামে নবম শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। সে তারাকান্দার বিসকা ইউনিয়নের লালমা গ্রামের মৃত আসাদুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কুরআন শরিফের ছেঁড়া পাতা পানিতে ফেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে ভান্ডারী মোড় এলাকার হানিফ মিয়ার পুকুরে রাতে তার লাশ পাওয়া যায়। চট্টগ্রামের লোহাগাড়ায় শুক্রবার পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরিয়ান বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরা ঘোনা বায়তুশ শরফ পাড়ার মো. জয়নাল আবেদীনের বড় ছেলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .