মতলবে মেঘনা নদীতে ফের বালু উত্তোলন
বেড়িবাঁধসহ প্রস্তাবিত ইকোনমিক জোন হুমকিতে
Advertisement
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে ফের ড্রেজার দিয়ে চলছে অবাধে বালু উত্তোলন। প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ দৃশ্যমান না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে বালু সন্ত্রাসীরা। রাতে মেঘনায় নামানো হচ্ছে অবৈধ ড্রেজার। তোলা হচ্ছে বালু। এভাবে নিয়মিত অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছে মেঘনা-ধনাগোদা বন্যানিয়ন্ত্রণ প্রকল্পের ৬৪ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধসহ প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন)। জানা যায়, গত ৩১ আগস্ট উপজেলার আইনশৃঙ্খলা মাসিক সভায় মতলব উত্তরের নাছিরাকান্দি, বোরচর ও চর ওয়েস্টসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয় উপস্থাপন করা হলে তা দ্রুত বন্ধ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সিদ্ধান্তের কয়েক দিন পার হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়ার দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না। বোরচর গ্রামের একাধিক ব্যক্তি বলেন, ‘সারা রাত ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। মেঘনা নদীর বুকে সাতটি চর রয়েছে।
বালুখেকো দুর্বৃত্তদের অবৈধ বালু উত্তোলনের কারণে আমাদের ফসলি জমি ও বসতভিটা নদীতে বিলীন হয়ে যাচ্ছে।’ স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রশাসনকে বারবার জানালেও কোনো ফল পাইনি। মনে হয় বালু সিন্ডিকেটের কাছে প্রশাসন জিম্মি। এভাবে যদি প্রতিনিয়ত বালু উত্তোলন করা হয় তাহলে মেঘনা-ধনাগোদা বন্যানিয়ন্ত্রণ প্রকল্পের ৬৪ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে যাবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, ‘মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা নিয়মিত নদীতে অভিযান অব্যাহত রেখেছি।’
