Logo
Logo
×

নগর-মহানগর

এইচআরএসএসের প্রতিবেদন

৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬ আহত ৪০৭৮

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চলতি বছরের প্রথম তিনমাসে (জানুয়ারি থেকে মার্চ) সারা দেশে ৬১০টি রাজনৈতিক সহিংসতায় ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ৪০৭৮ জন নেতাকর্মী ও সাধারণ মানুষ। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনের বরাত দিয়ে শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ৩৬ জনের মধ্যে বিএনপির ২৮ জন, জামায়াতের চারজন, আওয়ামী লীগের একজন ও অন্যান্য তিনজন। এছাড়া রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের ওপর দুস্কৃতিকারীদের ৩৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে বিএনপির ১২ জন, আওয়ামী লীগের চারজন, জামায়াতের তিনজন ও অন্য দলের ৩ জন নেতাকর্মী রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ মাসে অন্তত ১২টি ঘটনায় কমপক্ষে ১৮ জন নারী হেনস্তার শিকার হয়েছেন এবং ৬ জন নারী আহত হয়েছেন। সাংবাদিক নির্যাতনের ঘটনার তথ্য উল্লেখ করে বলা হয়েছে, এই সময়ে ৮২টি হামলার ঘটনায় ১৮৩ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, গত তিন মাসে গণপিটুনি ও মব সহিংসতায় সারা দেশ চুরি, ডাকাতি, ছিনতাই, বাগবিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্ম অবমাননাসহ নানা অভিযোগে ৮৮টি ঘটনায় ৪৯ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন। সীমান্তে হতাহত ও আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্তে ১৩টি হামলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হামলায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া ১১ জন আহত হয়েছেন। অপরদিকে, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ১১টি সহিংসতার ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

বিচার বহির্ভূত হত্যার বিষয়ে এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত, নির্যাতন, গুলিবর্ষণ এবং কথিত ‘বন্দুকযুদ্ধ’র ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হেফাজতে ও নির্যাতনের শিকার হয়ে ৫ জন, গুলিবিদ্ধ হয়ে একজন এবং বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম তিন মাসে সারা দেশে কারাগারে কমপক্ষে ৩৯ জন আসামি মারা গেছেন। তাদের মধ্যে ১৬ জন কয়েদি ও ২৩ জন হাজতি। গত তিনমাসে ১৩৯টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ৩০ জন নিহত ও ৫৭৩ জন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, তিন মাসে ৬৭০ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষনের পর হত্যা করা হয়েছে ৯ জনকে। ধর্ষিত হয়ে আত্মহত্যা করেছেন একজন। ১৮০ জন নারী ও শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ১৩৬ জন। আহত হয়েছেন ৯৬ জন এবং আত্মহত্যা করেছেন ৩০ জন নারী। ৩২৮ নির্যাতিত শিশুর মধ্যে প্রাণ হারিয়েছে ১৩৮ জন। ১৯০ শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। এইচআরএসএস নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্র ও সমাজের সব স্তরে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক, মানবাধিকার সংগঠন এবং সচেতন নাগরিকদের সঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা জরুরি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম