Logo
Logo
×
   

নগর-মহানগর

দেশীয় ডোমেইনে ‘প্রিমিয়াম’ মারপ্যাঁচ

সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিপাকে

সাইফ আহমাদ

সাইফ আহমাদ

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিপাকে

হঠাৎই কয়েকগুণ বেড়েছে দেশীয় ইন্টারনেট পরিচয়ের অন্যতম মাধ্যম ‘ডটবিডি’ (.bd) ডোমেইনের দাম। গ্রাহকদের না জানিয়েই ‘প্রিমিয়াম ডোমেইন’ নামে নতুন ‘প্রিমিয়াম’ শ্রেণি তৈরি করে ডোমেইন নিবন্ধন ও নবায়ন ফি কয়েকগুণ বাড়িয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ফলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা প্রশাসন, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দীর্ঘদিন এ ডোমেইন ব্যবহারকারী হাজারো গ্রাহক পড়েছেন মহাবিপাকে। শুধু মূল্যবৃদ্ধিই নয়, ডোমেইনসংক্রান্ত সমস্যা হলে অভিযোগ জানাতেও গুনতে হবে ১০ হাজার টাকা।

প্রযুক্তি বিশেষজ্ঞ বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর যুগান্তরকে বলেন, সরকারি একটি ডিজিটাল সেবায় বিরোধ নিষ্পত্তির জন্য এত উচ্চ ফি নির্ধারণ ব্যবহারকারীদের নিরুৎসাহিত করবে। যখন দেশীয় ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ এবং স্থানীয় ডোমেইন ব্যবহারে উৎসাহ দেওয়ার কথা, তখন ডোমেইনের মূল্যবৃদ্ধি এবং অভিযোগ দাখিলের ক্ষেত্রেও ফি আরোপ নতুন বাধা সৃষ্টি করবে। ডোমেইন নাম একটি ডিজিটাল সম্পদ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈধভাবে নিবন্ধনের পর নির্ধারিত নীতিমালা অনুযায়ী নিয়মিত নবায়নের প্রত্যাশা করে। নীতিগতভাবে প্রিমিয়াম ডোমেইন ব্যবস্থা থাকলে তা নতুন নিবন্ধনের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। দীর্ঘদিন ব্যবহৃত একটি ডোমেইনকে হঠাৎ ‘প্রিমিয়াম’ শ্রেণিতে এনে নবায়ন ফি কয়েকগুণ বাড়ানো নীতিগতভাবে প্রশ্নবিদ্ধ। এতে নতুন উদ্যোক্তারা ডটকম বা অন্যান্য আন্তর্জাতিক ডোমেইনের দিকে ঝুঁকবে। ব্যক্তি ও উদ্যোক্তাদের মধ্যে ‘ডটবিডি’ ডোমেইন নেওয়ার আগ্রহ কমে যাবে।

বিটিসিএল-এর উপমহাব্যবস্থাপক (ডোমেইন) জয়ীতা সেন রিম্পী যুগান্তরকে বলেন, ‘ডোমেইনের নতুন মূল্য নির্ধারণ নিয়ে কিছু গ্রাহক অভিযোগ জানিয়েছেন। বিদ্যমান গ্রাহকদের জন্য আগের ফি বহাল রাখার একটি প্রস্তাব প্রক্রিয়াধীন। বোর্ডের অনুমোদন পেলে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

তথ্যানুসন্ধানে জানা যায়, ১ হাজার ৯০০ থেকে ২ হাজার শব্দের একটি তালিকা তৈরি করেছে বিটিসিএল। যেগুলোকে নাম দিয়েছে উচ্চমূল্যের বা ‘প্রিমিয়াম’ ডোমেইন। বিটিসিএল নতুন করে প্রিমিয়াম ডোমেইনের নিবন্ধন ফি নির্ধারণ করেছে ২০ হাজার এবং বার্ষিক নবায়ন ফি ২৫ হাজার টাকা। অনেক প্রতিষ্ঠান হঠাৎ করেই নিজেদের ডোমেইনকে প্রিমিয়াম ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন। অথচ তারা যখন ডোমেইন কিনেছিলেন, সেটি ছিল জেনারেল ক্যাটাগরির।

অনুসন্ধানে জানা যায়, এ তালিকায় দেশের সব জেলার নাম, জনপ্রিয় শব্দ এবং বাণিজ্যিকভাবে আকর্ষণীয় বিভিন্ন নাম অন্তর্ভুক্ত রয়েছে। আবার ডোমেইন মালিকানাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির অভিযোগ ফিও ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ডটবিডি ডোমেইন ব্যবহারকারী আরাফাত হোসেন যুগান্তরকে বলেন, ‘আমি যখন ডোমেইনটি নিবন্ধন করি, তখন ফি ছিল মাত্র ১ হাজার ২০০ টাকা। কিন্তু এখন সেটি নবায়ন করতে ২৫ হাজার টাকা দিতে হবে বলে জানতে পেরেছি।’ বিটিসিএল-এর এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, আগে বেশির ভাগ প্রিমিয়াম নাম সংরক্ষিত রাখা হতো। বিক্রি করা হতো না। অন্তর্বর্তী সরকারের সময়ে ডোমেইন ব্যবস্থাপনা পর্যালোচনার সময় বিষয়টি বোর্ডে উত্থাপন করা হয়। পরে বোর্ড এসব ডোমেইনের জন্য আলাদা মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেয়।

তবে প্রশ্ন উঠেছে, ডোমেইনের বাজারমূল্য নির্ধারণের জন্য কোনো স্বাধীন মূল্যায়ন করা হয়েছে কি না। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রিমিয়াম ডোমেইনের ধারণা থাকলেও সাধারণত নতুন নিবন্ধনের ক্ষেত্রে অতিরিক্ত মূল্য আরোপ করা হয়। কিন্তু দীর্ঘদিনের ব্যবহারকারীদের হঠাৎ প্রিমিয়ামে অন্তর্ভুক্তির নিয়ম নেই।

বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যেও। কারণ জেলার নামভিত্তিক বহু ডোমেইন এখন প্রিমিয়াম তালিকায় রয়েছে। ফলে জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা সরকারি প্রকল্পগুলোকে ভবিষ্যতে কয়েকগুণ ফি গুনতে হবে। এতে এক সরকারি প্রতিষ্ঠানের অর্থ অন্য সরকারি প্রতিষ্ঠানের কাছেই অতিরিক্ত ব্যয় হওয়ার পরিস্থিতি তৈরি হবে।

হোস্টিংডটকমের বাংলাদেশ অপারেশন ম্যানেজার ইমরান হোসেন বলেন, ‘ডটবিডি বাংলাদেশের ডিজিটাল পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু হঠাৎ কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই নিবন্ধন ও নবায়ন ফি কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ডোমেইনের ব্যবহার বাড়ানোর পরিবর্তে এমন সিদ্ধান্ত ব্যবহারকারীদের নিরুৎসাহিত করবে। বিটিসিএল-এর দ্রুত এ বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা দিয়ে গ্রাহকবান্ধব নীতি গ্রহণ করা উচিত।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .