Logo
Logo
×
   

ফুটবল বিশ্বকাপ ২০২৬

হ্যারি কেইনের ‘আলো’ নাকি মেসি ‘ম্যাজিক’?

Icon

ইশতিয়াক সজীব

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হ্যারি কেইনের ‘আলো’ নাকি মেসি ‘ম্যাজিক’?

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ আটলান্টায় দেখা হচ্ছে দুই প্রবল প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ডের। লড়াইটা দুই অধিনায়ক লিওনেল মেসি ও হ্যারি কেইনেরও। দুজনই নিজ নিজ দলের প্রাণভোমরা। ৩৯ বছর বয়সি আর্জেন্টাইন জাদুকর মেসির অবশ্য মনে হতে পারে আজ নিজের অতীতের ছায়ার সঙ্গে লড়তে যাচ্ছেন তিনি! ইংল্যান্ডের হয়ে ১২০ ম্যাচে সর্বোচ্চ ৮৫ গোল করলেও এখনো কোনো শিরোপা জেতার সৌভাগ্য হয়নি ৩২ বছর বয়সি কেইনের। এই বয়সে জাতীয় দলের হয়ে মেসির প্রাপ্তির ঝুলিও ছিল শূন্য।

২০০৫ সালে মেসির আন্তর্জাতিক অভিষেকের ১০ বছর পর ইংল্যান্ডের জার্সিতে যাত্রা শুরু কেইনের। তিনটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ ফাইনালে হারার যন্ত্রণায় পুড়ে খাঁটি সোনা হতে মেসিকে অপেক্ষা করতে হয়েছে ২০২১ সাল পর্যন্ত। গত পাঁচ বছরে কোপা, বিশ্বকাপ, কোপা জিতে ক্যারিয়ারের সব অপূর্ণতা ঘুচিয়ে ফেলেছেন মেসি। ২০২১ সালে কেইনের অপেক্ষারও অবসান হতে পারত। কিন্তু ইউরোর ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হেরে বসে ইংল্যান্ড। এরপর ২০২৪ ইউরোর ফাইনালে তারা হারে স্পেনের কাছে। বিশ্বকাপে ২০১৮ আসরে সেমিফাইনাল ও ২০২২ আসরে কোয়ার্টার ফাইনালে থামে ইংলিশদের যাত্রা। এবার হয়তো খাঁটি সোনা হওয়ার সময় এসেছে কেইনের!

তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রেকর্ড ১৬ বার জিতেছে কোপা আমেরিকা। সেখানে ফুটবলের স্বঘোষিত জনক ইংল্যান্ডর একমাত্র প্রাপ্তি ১৯৬৬ বিশ্বকাপ জয়। কেইনের কাঁধে তাই প্রত্যাশার ভার অনেক বেশি। দেশের ৬০ বছরের শিরোপাখরা কাটানোর আশা বাঁচিয়ে রাখতে প্রথমে তাকে হারাতে হবে মেসিকে। আন্তর্জাতিক ফুটবলে আজই প্রথম দেখা হবে দুজনের। তবে ক্লাব ফুটবলে দুবার মেসির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আছে কেইনের। ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে। প্রথম সাক্ষাতে মেসির বার্সেলোনার কাছে ৪-২ গোলে হেরেছিল কেইনের টটেনহাম। পরের ম্যাচ ১-১ গোলে ড্র হয়।

আগে কখনো ইংল্যান্ডের মুখোমুখি না হলেও ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে মেসির রেকর্ড দুর্দান্ত। ৩৬ ম্যাচে ২৭ গোল ও ছয় অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে ২০৫ ম্যাচে সর্বোচ্চ ১২৫ গোল করা মেসি এই বিশ্বকাপেও আছেন ফর্মের তুঙ্গে। ছয় ম্যাচে আট গোল ও দুই অ্যাসিস্টের পাশাপাশি লক্ষ্যে সর্বোচ্চ ১৯টি শট নিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। গোলের চেষ্টাও সবচেয়ে বেশি তার (৩৩)। মেসিকে বোতলবন্দি করে রাখাই হবে ইংল্যান্ডের আসল চ্যালেঞ্জ। একইভাবে আর্জেন্টিনার রণকৌশলজুড়ে থাকবে কেইনকে আটকানোর ছক। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৫৬ ম্যাচে ৬৪ গোল করা এই ইংলিশ ফরোয়ার্ড বিশ্বকাপে এবার ছয় ম্যাচে করেছেন ছয় গোল ও একটি অ্যাসিস্ট। গোলের পাশাপাশি খেলা তৈরিতেও বড় ভূমিকা রাখছেন কেইন। বিশ্বকাপে ছয় আসর মিলিয়ে মেসির সর্বোচ্চ ২১ গোলের বিপরীতে তিন আসরেই কেইনের গোল ১৪টি। বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে নিজের দেখা সেরা ফুটবলার হিসাবে মেসিকে বেছে নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। নিজের ও দেশের হাহাকার ঘোচাতে সেই সেরাকেই আজ হারাতে হবে তাকে।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম