মেসিদের সঙ্গে ম্যারাডোনাও থাকবেন ইংল্যান্ড ম্যাচে!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
২৪ বছর পর আবার ফুটবল বিশ্বকাপে মুখোমুখি ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এবার সেমিফাইনালে। আজ সেই মরণ-বাঁচন ম্যাচে নামার আগে মাঠের বাইরের লড়াই শুরু করে দিল আর্জেন্টিনা। সেমিফাইনালে লিওনেল মেসিদের সঙ্গে মাঠে নামবেন দিয়েগো ম্যারাডোনাও! আর্জেন্টিনা ফিফার কাছে আবেদন করেছিল, সেমিফাইনালে অ্যাওয়ে জার্সি পরে খেলতে চায় তারা। অর্থাৎ, আকাশি নীল-সাদার বদলে গাঢ় নীল রঙের জার্সি পরে নামার অনুমতি চেয়েছিলেন মেসিরা।
অনুমতি দিয়েছে ফিফা। তারা জানিয়েছে, সেমিফাইনালে ইংল্যান্ড তাদের হোম জার্সি, অর্থাৎ সাদা রঙের জার্সি ও আর্জেন্টিনা অ্যাওয়ে জার্সি, অর্থাৎ গাঢ় নীল রঙের জার্সি পরে খেলবে। কিন্তু কেন হঠাৎ অ্যাওয়ে জার্সি পরার আবেদন করল আর্জেন্টিনা? নেপথ্যে রয়েছে ৪০ বছরের পুরোনো এক মিথ্। ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এ দুই দল। সেখানে এই অ্যাওয়ে জার্সি পরেই খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই ম্যারাডোনা ‘হ্যান্ড অব গড’ এবং শতাব্দীর সেরা গোল দুটিই করেছিলেন। ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেবার বিশ্বজয়ী হয়েছিল তারা। সেই ম্যাচের পর আর মাত্র দুবার ফুটবলের বিশ্বমঞ্চে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ১৯৯৮ ও ২০০২ সালে। ১৯৯৮ বিশ্বকাপে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতেছিল আর্জেন্টিনা। ২০০২ বিশ্বকাপে ডেভিড বেকহামের পেনালটি থেকে করা গোলে ১-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড।
১৯৯৮ বিশ্বকাপে অ্যাওয়ে নীল জার্সি পরে খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচও জিতেছিল তারা। কিন্তু ২০০২ বিশ্বকাপে আকাশি-সাদা জার্সি পরে খেলে হারতে হয়েছিল। তাই এবার ১৯৮৬ বিশ্বকাপের সেই অ্যাওয়ে জার্সি পরে আবার মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। খেলা শুরুর আগে ইংল্যান্ডের ওপর এটি মনস্তাত্ত্বিক চাপ বলে মনে করছেন ফুটবলবোদ্ধারা।
এবারের বিশ্বকাপে এর আগেও এক ম্যাচে অ্যাওয়ে জার্সি পরে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। গ্রুপপর্বে জর্ডানের বিপক্ষে সেই ম্যাচে ৩-১ গোলে জিতেছিলেন লিওনেল মেসিরা। বাকি পাঁচ ম্যাচ অবশ্য আকাশি-সাদা জার্সি পরেই জিতেছে আর্জেন্টিনা। কিন্তু ইংল্যান্ড ম্যাচে ম্যারাডোনার স্মৃতি ফিরিয়ে আনতে চান মেসিরা।
