Logo
Logo
×
   

ফুটবল বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে শাকিরা ম্যাডোনা, টম ক্রুজ

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে শাকিরা ম্যাডোনা, টম ক্রুজ

শেষ হয়ে এলো ফিফা বিশ্বকাপ ২০২৬। রোববার ফাইনাল। এবারের বিশ্বকাপে রেকর্ড কম হয়নি। সবচেয়ে বেশি দেশ, সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি দর্শক, তিন দেশে আয়োজন। মেগা রেকর্ডের বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানও স্মরণীয় করে রাখতে চাইছে ফিফা। তাই শাকিরা-ম্যাডোনাদের পাশাপাশি ফাইনালে পারফর্ম করতে দেখা যাবে টম ক্রুজ, রবি উইলিয়ামসদেরও।

ফিফা আগেই জানিয়েছিল, এই প্রথম বিশ্বকাপ ফাইনালের বিরতিতে জাঁকজমকপূর্ণ কনসার্ট হবে। অতীতে কোনো বিশ্বকাপের বিরতিতে এমন অনুষ্ঠান হয়নি। ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বিশ্বকাপ ফাইনাল। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শেষ যুদ্ধের ফাঁকে মঞ্চ মাতাবেন বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পীরা। ম্যাডোনা থেকে শাকিরা-কে নেই সেই তালিকায়। পপতারকা জাস্টিন বিবারও পারফর্ম করবেন। সব মিলিয়ে থাকবে ১১ মিনিটের অনুষ্ঠান। তাতে পারফর্ম করার কথা বিটিএসএরও।

তবে চমকের শুরুটা হবে তার আগেই। আগের মতো ম্যাচ শুরুর আগেও সমাপ্তি অনুষ্ঠান বিশ্বকাপে থাকছে। তাতে পারফর্ম করবেন একঝাঁক আন্তর্জাতিক তারকা। তাদের মধ্যে সবচেয়ে বড় নাম টম ক্রুজ। ‘মিশন ইম্পসিবল’ তারকাকে বিশেষ ভূমিকায় দেখা যাবে ফাইনালের মঞ্চে। পাশাপাশি সুরের মূর্ছনায় স্টেডিয়াম মাতাবেন বিশ্বখ্যাত ইতালীয় গায়িকা লরা পাউসিনি, গ্ল্যামারাস পপতারকা নিকোল শেরজিঙ্গার এবং ব্রিটিশ পপ আইকন রবি উইলিয়ামস। তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চমক হিসাবে থাকছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও স্ট্রিমার ‘আইশোস্পিড’। খেলা শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত গাইবেন জেনিফার হাডসন।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের বিরতিতে আয়োজিত এই কনসার্টের টিকিট থেকে সংগৃহীত অর্থ দান করা হবে গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। ১০০ মিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্যে নেমেছে ফিফা। ইতোমধ্যে ৫০ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান সংগৃহীত হয়েছে। টিকিটপিছু এক ডলার পাঠানো হচ্ছে এই জনকল্যাণমূলক তহবিলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম