Logo
Logo
×
   

বিচ্ছু

চিরায়ত রস

অতিথিপরায়ণ ব্যক্তি

Icon

চিরায়ত রস

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অতিথিপরায়ণ ব্যক্তি

একদিন এক চায়ের স্টলে হোজ্জা উপস্থিত সবার উদ্দেশে বললেন, ‘আমি একজন অতিথিপরায়ণ ব্যক্তি।’

‘বেশ, তাহলে আজ দুপুরে আমাদের সবাইকে খাওয়ান।’ হোজ্জার কথা শুনে বায়না ধরল একজন।

অগত্যা হোজ্জা উপস্থিত সবাইকে নিয়ে বাড়ির দিকে পা বাড়ালেন।

বাড়ির কাছে এসে হোজ্জা বললেন, ‘আমি আগে আগে বাসায় গিয়ে স্ত্রীকে বলি আর তোমরা আসতে থাকো।’

খবরটা শোনার পর হোজ্জার স্ত্রী রেগে আগুন, ‘ঘরে কোনো খাবার নেই, ওদের ফিরে যেতে বলো।’

‘তা আমি পারব না, কারণ আমি যে অতিথিপরায়ণ। আমার একটা সুনাম আছে।’ বউকে বললেন হোজ্জা।

‘বেশ, তাহলে তুমি ওপরের তলায় গিয়ে বসো; আমিই ওদের বলছি তুমি বেরিয়ে গেছ, বাড়িতে নেই।’

এক ঘণ্টা পর অতিথিরা এসে দরজায় ধাক্কা দিতে শুরু করল আর বলতে লাগল, ‘আমাদের ভেতরে ঢুকতে দাও হোজ্জা।’

হোজ্জার স্ত্রী দরজা খুলে বেরিয়ে এলেন। শান্ত গলায় বললেন, ‘হোজ্জা তো বাড়ি নেই।’

‘সে কী! আমরা তো তাকে বাড়িতে ঢুকতে দেখেছি আর দরজার দিকে লক্ষ রেখেছি তার ঢোকার পর থেকে। কই, কেউ তো বের হয়নি!’

জবাব শুনে হোজ্জার স্ত্রী চুপ করে গেলেন।

ওপরতলার জানালা দিয়ে হোজ্জা পুরো ঘটনাটাই দেখছিলেন। নিজেকে আর ধরে রাখতে না পেরে জানালা দিয়ে মাথা ঝুঁকে বললেন, ‘কেন খালি খালি ঝামেলা করছ বাপু! আমি কি পেছনের দরজা দিয়ে বাইরে যেতে পারি না?’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .