Logo
Logo
×
   

ইসলাম ও জীবন

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

বাংলা ভাষায় জুমার খুতবা প্রদান করা যাবে?

Icon

হাবীব আহমদ, হোসেনপুর, কিশোরগঞ্জ

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলা ভাষায় জুমার খুতবা প্রদান করা যাবে?

প্রশ্ন: বাংলা ভাষায় কি জুমার খুতবা দেওয়া যাবে?

উত্তর : জুমার খুতবা আরবি ভাষায় প্রদান করা সুন্নাতে মুয়াক্কাদাহ এবং ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। রাসূলুল্লাহ (সা.), সাহাবায়ে কেরাম ও তাবেয়িনদের যুগ থেকে আজ পর্যন্ত গোটা মুসলিম উম্মাহর আমল এর ওপরই প্রতিষ্ঠিত।

রাসূলুল্লাহ (সা.)-এর যুগে অনেক অনারবি মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন, তবুও তিনি কোনোদিন অন্য ভাষায় খুতবা দেননি। এমনকি সাহাবায়ে কেরাম যখন পারস্য বা রোম বিজয় করলেন, তখন সেখানে অনেক মানুষ আরবি বুঝতেন না; তা সত্ত্বেও তারা স্থানীয় ভাষায় খুতবা দেননি। খুতবা মূলত একটি বিশেষ ইবাদত ও জিকির, যা জুমার দুই রাকাত নামাজের স্থলাভিষিক্ত। যেমন নামাজ আরবি ছাড়া অন্য ভাষায় হয় না, তেমনি খুতবাও আরবিতেই হওয়া আবশ্যক।

ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে, আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দিলে ফরজ আদায় হয়ে গেলেও তা মাকরুহে তাহরিমি (গুনাহের কাজ) এবং বিদআত। পরবর্তী সময়ে তিনি তার এই মত পরিবর্তন করে সাহেবাইন (ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ)-এর মতের দিকে ফিরে এসেছেন, যেখানে আরবিতে খুতবা দেওয়াকে শর্ত বা আবশ্যক বলা হয়েছে। মালেকী, শাফেয়ী ও হাম্বলী মাযহাবের ইমামগণের মতে, আরবি ভাষা জানা থাকা অবস্থায় অন্য ভাষায় খুতবা দিলে জুমার নামাজই শুদ্ধ হবে না।

জুমার খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেওয়া রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামের আমলের পরিপন্থি হওয়ার কারণে এটি বর্জনীয়। খুতবা নামাজের মতোই একটি বিশেষ জিকির, তাই উম্মতের ঐক্য ও সুন্নাহর অনুসরণে এটি আরবিতেই রাখা অপরিহার্য। সাধারণ মানুষকে বোঝানোর জন্য খুতবার আগে বা নামাজের পরে স্থানীয় ভাষায় আলোচনা করা যেতে পারে।

তথ্যসূত্র : সহিহ বুখারি ও মুসলিম। রদ্দুল মুহতার, ফাতাওয়া শামি, মুসাফফা (শাহ ওয়ালিউল্লাহ দেহলবী), বাদায়েউস সানায়ে ও অন্যান্য নির্ভরযোগ্য ফিকহ গ্রন্থ।

ইসলাম ও জীবন ডেস্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম