Logo
Logo
×
   

শেষ পাতা

‘হোলসেল ক্লাব এক্সপ্রেস’-এর যাত্রা শুরু

গ্রাহকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দিকনির্দেশনা আমাদের পথ দেখাচ্ছে-অ্যাডভোকেট সালমা ইসলাম, চেয়ারম্যান, যমুনা গ্রুপ * সেরাটা দিয়ে ক্রেতাসাধারণকে সেবা দিতে হবে-সোনিয়া সারিয়াত, হোলসেল ক্লাব ও যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক * সারা দেশে শাখা হবে-শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, যমুনা গ্রুপের অন্যতম গ্রুপ পরিচালক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গ্রাহকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়

যমুনা ফিউচার পার্কে বৃহস্পতিবার হোলসেল ক্লাব এক্সপ্রেসের গ্র্যান্ড ওপেনিংয়ে কেক কাটছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম, হোলসেল ক্লাব ও যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সোনিয়া সারিয়াত এবং যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ -যুগান্তর

ক্রেতার আস্থা ও বিশ্বাস অর্জনে ৬ বছর পার করে ৭ বছরে পা দিয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের হাইপার মার্কেট ‘হোলসেল ক্লাব’। বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্যে নাভিশ্বাসের মধ্যে ক্রেতার জন্য মূল্যছাড় এবং পাইকারি মূল্যে সব পণ্য পৌঁছে দিচ্ছে স্বনামধন্য গ্রুপ অব কোম্পানি ‘যমুনা গ্রুপ’। এরই ধারাবাহিকতায় একই মান, একই আস্থা, কিন্তু আরও নিকটে, আরও সহজে এই স্লোগানে যাত্রা শুরু করেছে হাইপার মার্কেটের প্রথম শাখা ‘হোলসেল ক্লাব এক্সপ্রেস’। ইউরোপ-আমেরিকার আদলে এই মার্কেট ক্রেতাকে ভেজালমুক্ত বিশ্বমানের পণ্য সরবরাহ করছে। আর এই সেবা সারা দেশে ক্রেতার দোরগোড়ায় পৌঁছাতে শাখা বাড়ানোর অঙ্গীকার করেছেন সংশ্লিষ্টরা।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যালের সামনে তীর ক্যানোলা অয়েলের সৌজন্যে হোলসেল ক্লাবের প্রথম শাখা ‘হোলসেল ক্লাব এক্সপ্রেস’-এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের ১৫ অক্টোবর যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. নুরুল ইসলাম হোলসেল ক্লাব উদ্বোধন করেন। তারই হাত ধরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি এখন পরিচালনা করছেন যমুনা গ্রুপের অন্যতম গ্রুপ পরিচালক সোনিয়া সারিয়াত। বৃহস্পতিবার ‘হোলসেল ক্লাব এক্সপ্রেস’-এর গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক ও ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম, হোলসেল ক্লাব ও যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সোনিয়া সারিয়াত এবং যমুনা গ্রুপের অন্যতম গ্রুপ পরিচালক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। এ সময় যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. আলমগীর আলমসহ হোলসেল ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জমকালো আলোকসজ্জা ও আতশবাজির আয়োজন অনুষ্ঠানে আসা সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ, আজকের এই মনোমুগ্ধকর সন্ধ্যায় আল্লাহতায়ালা আমাদের ওপর রহমতের বৃষ্টি বর্ষণ করছেন। এ বরকতময় সময়ে আমি আপনাদের সবার দোয়া কামনা করছি। আজকের এই হোলসেল ক্লাব এক্সপ্রেস উদ্বোধনের উপলক্ষ্য আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত। ছয় বছর ধরে ধারাবাহিকভাবে এই হোলসেল ক্লাবের কার্যক্রম চলছে। আজ আমরা সবাই মিলে দেখছি, কীভাবে প্রতিষ্ঠানটি দিনদিন উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা নিজেদের পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে এই হোলসেল ক্লাবকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছেন। আপনাদের অংশগ্রহণ ও অবদানই প্রমাণ করে-আমরা একসঙ্গে কাজ করলে সব ধরনের সাফল্য অর্জন করতে পারি।

তিনি বলেন, আজকের দিনে শুধু দেশীয় ক্রেতারাই নন, বিদেশি ক্রেতারাও এখানে আসছেন এবং তাদের পছন্দের পণ্য এখান থেকেই সংগ্রহ করছেন। যারা বিদেশে যেতে পারেন না, তারাও এখান থেকেই নিজের প্রয়োজনীয় ও পছন্দের জিনিসপত্র পাচ্ছেন। এটাই আমাদের সাফল্য। তিনি বলেন, আমি আজকের দিনে বিশেষভাবে স্মরণ করতে চাই যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. নুরুল ইসলামকে। যিনি এই উদ্যোগের মূল প্রেরণা ছিলেন। তার দিকনির্দেশনা ও শ্রম আজও আমাদের পথ দেখাচ্ছে। তিনি আজ আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ ও কাজ আমাদের হৃদয়ে বেঁচে আছে। আমরা সবাই দোয়া করি-আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। তার রেখে যাওয়া পথ ধরে সোনিয়া সারিয়াত এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিচ্ছেন। সোনিয়া তার বাবার নির্দেশনা ও স্বপ্নকে বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আজকের এই শুভক্ষণে আমি আনুষ্ঠানিকভাবে ‘হোলসেল ক্লাব এক্সপ্রেস’-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।

সোনিয়া সারিয়াত বলেন, হোলসেল ক্লাবের জন্য আজকের দিনটি একটি গর্বের দিন। আমি গর্বিত। সবার অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় এই হোলসেল ক্লাব এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছে। ক্রেতা ও কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যেভাবে এই হোলসেল ক্লাবকে ভালোবেসেছেন, ঠিক সেভাবেই হোলসেল ক্লাব এক্সপ্রেসকে ভালোবাসবেন। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সেরাটা দিয়ে ক্রেতাসাধারণকে সেবা দিয়ে যাবেন। 

শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, আজকের এই দিনে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. নুরুল ইসলামকে আমার খুব বেশি মনে পড়ছে। তিনি যদি আজকের দিনটি দেখতেন, তাহলে খুব খুশি হতেন। কারণ, ওনার ছেলেমেয়েরা সবকিছু এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার স্বপ্ন ছিল হোলসেল ক্লাব। সেখান থেকে এখন হোলসেল ক্লাব এক্সপ্রেস হয়েছে। তার উদ্দীপনা ও সাহসের কারণে সম্ভব হয়েছে। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আর এসব সম্ভব হয়েছে আপনাদের কারণে। এখানে যারা হোলসেল ক্লাব ও এক্সপ্রেসের জন্য কাজ করছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি মনে করি, এই একটা না, সারা দেশে হোলসেল ক্লাবের শাখা নিয়ে যাব। 

এদিকে হোলসেল ক্লাব এক্সপ্রেসের যাত্রা শুরু উপলক্ষ্যে গ্রাহকদের জন্য বিশেষ ছাড় ও বিনামূল্যে হেলথ চেকআপের ব্যবস্থা রাখা হয়েছে। তীর ক্যানোলা অয়েলের সৌজন্যে হোলসেল ক্লাব এক্সপ্রেসে আসা ক্রেতারা বিনামূল্যে রক্তচাপ, ডায়াবেটিস, বিএমআই ও শরীরের অক্সিজেন লেভেল পরিমাপের সুবিধা পাবেন। পাশাপাশি ক্যানোলা অয়েল ও হোল হুইট আটা পণ্যে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম