সালমান এফ রহমানকে আরও ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সালমান এফ রহমান । ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঋণের নামে জনতা ব্যাংক থেকে প্রায় দেড়শ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে দ্বিতীয় দিনের মতো রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। সাড়ে ছয় ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ছিলেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। সেখানে তার মুখোমুখি হন দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি টিম। তারা নানা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। বেলা সাড়ে ১১টা থেকে ৬টা পর্যন্ত টানা সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে প্রিজন ভ্যানে করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গত ৮ জানুয়ারি ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে সালমান এফ রহমানসহ মোট ২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার ছিল রিমান্ডের প্রথম দিন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমানের ভাই এ এস এফ রহমান। এছাড়া সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং এ এস এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানকেও আসামি করা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংকের গ্রাহক কোজি অ্যাপারেলস লিমিটেডের অনুকূলে ইডিএফ সুবিধাসহ বিভিন্ন ঋণ অনুমোদন ও বিতরণ করেন। পরে এলসির মাধ্যমে নিজেদের মধ্যে আমদানি-রপ্তানি দেখিয়ে অ্যাকোমডেশন বিল তৈরি করে ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও পাচার করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, কোজি অ্যাপারেলস লিমিটেড একটি নবসৃষ্টি প্রতিষ্ঠান এবং এর পরিচালকদের ব্যবসা পরিচালনায় কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না।
