কেমন সরকার চাই
১৮ মাসের শ্বেতপত্র তৈরি করবে এমন সরকার চাই: আলতাফ পারভেজ
আলতাফ পারভেজ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নতুন সরকার কেমন হওয়া উচিত-এ নিয়ে নিজের মতামত জানিয়েছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। তিনি যুগান্তরকে বলেছেন, ‘আমরা এমন একটি সরকার চাই যে সরকার বিগত ১৮ মাসের সরকারি কার্যক্রমের ওপর একটা শ্বেতপত্র তৈরি করবে। এতে প্রত্যেক মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর-অধিদপ্তরের নেওয়া পদক্ষেপগুলোর বিবরণ থাকবে। কেন ১৮ মাস এত মবসহিংসতা হলো, এসবে কাদের গাফিলতি ছিল, কারা দেশ-বিদেশে কী কী চুক্তি করেছে, কে কাকে কীভাবে নিয়োগ দিয়েছে-এসব বিষয়ে বিস্তারিত তথ্যাদি থাকবে। আর সেই শ্বেতপত্র দেশবাসীর সামনে হাজির করবে। এটা নতুন সরকারের জরুরি করণীয় বলে মনে করি।’ আলতাফ পারভেজ বলেন, ‘নতুন সরকার দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেবে বলে আশা করছি। আইনশৃঙ্খলা বাহিনীগুলোর পুনর্গঠন ও সক্রিয়তা দরকার। ঢাকার শাহবাগ থেকে শুরু করে প্রান্তিক জেলা পর্যন্ত মবসহিংসতাকারীদের নিত্যদিনের নৈরাজ্য থেকে দেশকে মুক্ত করা দরকার। বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন পুনর্গঠন করে সেগুলোতে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরত নেওয়া জরুরি।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে সুষ্ঠু শিক্ষার পরিবেশের বদলে এখন কার্যত এক ধরনের নৈরাজ্যিক বিশৃঙ্খলা চলছে। এর অবসান জরুরি। নতুন সরকারকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।’
আলতাফ পারভেজ বলেন, ‘নতুন সরকারকে দ্রুত বেসামরিক প্রশাসনের সংস্কারে হাত দিতে হবে। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা এবং বাজার-সিন্ডিকেটগুলো ভেঙে দিতে উভয় খাতে পদ্ধতিগত সংস্কার করতে হবে কঠোর হাতে। প্রশাসনে জনপ্রতিনিধিদের সর্বাত্মক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে হবে। প্রশাসন ও বাজারব্যবস্থাকে দুর্নীতি ও মাফিয়ামুক্ত করা না গেলে নতুন সরকারও অকার্যকর হয়ে পড়বে এবং জনতার কাছে অজনপ্রিয় হয়ে যাবে।’
আলতাফ পারভেজ আরও বলেন, ‘নতুন সরকারের উচিত হবে কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া। এছাড়া বিদেশ নীতিতে দুই প্রতিবেশীসহ চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন এবং গঙ্গাচুক্তি নবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গাদের যে কোনোভাবে আরাকানে ফেরত পাঠানোর ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।’

