Logo
Logo
×

শেষ পাতা

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলন

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন রোববার না ডাকলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, এ অধিবেশন না ডাকলে ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা দিয়ে ঐক্যবদ্ধভাবে ১১ দলীয় ঐক্য রাজপথে নামবে।

জামায়াতে ইসলামীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার শেষ দিন আগামীকাল (আজ রোববার)। সরকার যেন অবিলম্বে এ অধিবেশন ডাকার ব্যবস্থা করে। তিনি আরও বলেন, ব্যবস্থা না নেওয়া হলে আমরা স্পষ্ট বলতে চাই-জাতির ক্ষমা আপনারা পাবেন না। বিশেষ করে সংসদনেতাকেই দায়িত্ব নিতে হবে। সরকারকেও দায়িত্ব নিতে হবে। জনগণকে অবহেলা-অবজ্ঞা, জনমত উপেক্ষা করে চলা অথবা জনগণকে অপমানিত করার দায় সরকারকে নিতে হবে। তিনি বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা সংসদে ভূমিকা রাখব।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, আমরা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি-সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য রোববার অধিবেশন না ডাকলে আমরা রাজপথে যেতে বাধ্য হব। শীর্ষ নেতাদের বৈঠক ডেকে কর্মসূচি দেব। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জাগপার দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় জোটের নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম