রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হবে ৫০ ঘণ্টা
প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এ অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কার্য উপদেষ্টা কমিটিই সাধারণত অধিবেশনের মেয়াদ, কার্যদিবস, আলোচনার সময় এবং বিভিন্ন কার্যসূচির অগ্রাধিকার ঠিক করে।
জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এতে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির। বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন বসবে। তবে প্রয়োজন হলে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে। সংসদ সচিবালয়ের হিসাবে, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্য মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৪৬৮। এছাড়া বিধি ৭১-এ মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি ১৩১-এ সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে সাচিবিক সহায়তা দেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংসদ প্রাঙ্গণের গোলাপ বাগানে বৃক্ষরোপণ : এদিন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম একটি আমগাছের চারা রোপণ করেন। এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল একটি আমগাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট এ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
