বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’
পাঁচ ভাষায় এক গান চলো, এগিয়ে চলো
জানা-অজানা: বিশ্বকাপ
এম আই হান্নান
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
২০২৬ বিশ্বকাপের যুক্তরাষ্ট্র-পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন পপতারকা কেটি পেরি পারফর্ম করেন তার বিখ্যাত গান ‘ওয়ান্ডার’। বাংলাদেশ সময় শনিবার ভোরে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে -এএফপি
|
ফলো করুন |
|
|---|---|
‘দাই দাই, ইকো, দালে, আলে, লেটস গো!’ ইতালীয়, জাপানি, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজি। পাঁচ ভাষার শব্দ; কিন্তু একটাই অর্থ- চলো, এগিয়ে চলো। এক লাইনেই গোটা পৃথিবীকে এক ডাকে জড়ো করেছেন পপসম্রাজ্ঞী শাকিরা। ফুটবল আর সংগীত দুটি ভিন্ন মাধ্যম হলেও এদের আবেগ যেন একই সুতোয় গাঁথা। এবারের ফিফা বিশ্বকাপে সেই আবেগের পালে নতুন করে হাওয়া দিয়েছে অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ (Dai Dai)।
তবে এই গানের সবচেয়ে বড় গল্পটা মাঠের বাইরে। গানের রয়্যালটি যাচ্ছে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। এছাড়া বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে শাকিরা, ম্যাডোনা ও বিটিএস তিনজনই কোনো পারিশ্রমিক ছাড়াই পারফর্ম করবেন। তহবিলটির লক্ষ্য ফাইনালের আগেই ১০ কোটি ডলার সংগ্রহ করে বিশ্বজুড়ে ২০০-র বেশি দেশে শিশুদের শিক্ষা ও ফুটবলের সুযোগ পৌঁছে দেওয়া। এই উদ্যোগেরই অংশ হিসাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ টিকিট থেকে এক ডলার করে যাচ্ছে তহবিলে। গান যখন মুক্তি পায়, ততদিনে তহবিলে উঠে গিয়েছিল তিন কোটি ডলারের বেশি।
শাকিরার সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা বার্না বয়। যুক্তরাষ্ট্রে ১৪ মে ও আন্তর্জাতিকভাবে ১৫ মে গানটি মুক্তি পায়। গানের বিখ্যাত হুকে পাঁচটি ভাষা একসঙ্গে জোড়া দেওয়া হয়েছে। ‘দাই দাই’ ইতালীয় কথ্য ভাষার শব্দ, যার অর্থ ‘চলো চলো’। এছাড়া জাপানি ‘ইকো’, স্প্যানিশ ‘দালে’, ফরাসি ‘আলে’ আর ইংরেজি ‘লেটস গো’ সব শব্দের অর্থ একই। শাকিরা ও বার্না বয়ের সঙ্গে গানটি লিখেছেন এড শিরান, জন বেলিয়ন, বেনি অ্যাডাম ও আলেকজান্ডার এ সি কাস্তিয়ো। প্রযোজনায় ছিলেন শাকিরা নিজে ও কাস্তিয়ো।
গানের মূল বার্তা হলো সংগ্রামকে শক্তিতে রূপান্তর করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া। গানটি বলে, জীবনে যেসব ব্যর্থতা, কষ্ট, হতাশা কিংবা বাধা আসে, সেগুলো মানুষকে ভেঙে দেওয়ার জন্য নয়; বরং আরও দৃঢ় করে তোলার জন্য। তাই অতীতের দুঃখ বা ব্যর্থতায় আটকে না থেকে সামনে এগিয়ে যেতে হবে। গানের কথায় বারবার আত্মবিশ্বাসের ওপর জোর দেওয়া হয়েছে।
এ গানের মিউজিক ভিডিওতেও আছে তারার মেলা। ২৩ মে প্রকাশিত ও মায়ামিতে চিত্রায়িত এই ভিডিওর শুরুতে ফুটবলাররা বলেন, ‘উই আর রেডি’। ক্যামিও হিসাবে দেখা যায় মেসি, এমবাপ্পে, হ্যারি কেইন, আর্লিং হলান্ডসহ অনেককে। সঙ্গে আছে উগান্ডার সুবিধাবঞ্চিত শিশুদের নাচের দল ‘ঘেটো কিডস’। শাকিরাকে দেখা যায়, মেক্সিকো সিটির অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্সের চূড়ায়, মরুভূমির দৃশ্যে আর আলোকিত এক গ্লোবের ওপর দাঁড়িয়ে। গানের ভেতরে আছে ফুটবলের কিংবদন্তিদের প্রতি এক দীর্ঘ শ্রদ্ধাঞ্জলি। উচ্চারিত হয়েছে অংশগ্রহণকারী নানা দেশের নামও।
দর্শকপ্রিয়তার দিক থেকেও ‘দাই দাই’ রীতিমতো ঝড় তুলেছে। ফ্লোরিডার মিয়ামিতে বিখ্যাত পরিচালক হানা লাক্স ডেভিসের নির্দেশনায় নির্মিত মিউজিক ভিডিওটি ইউটিউবে মাত্র দুই সপ্তাহের মধ্যেই ১০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। তবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফাইনাল হাফটাইম শোতে ম্যাডোনা ও বিটিএসের সঙ্গে আবার মঞ্চে উঠবেন শাকিরা। সেখানেই হয়তো ‘দাই দাই’ পাবে তার সবচেয়ে বড় মঞ্চ।
