Logo
Logo
×
   

শেষ পাতা

সীতাকুণ্ডে বাড়ি থেকে নিয়ে যুবককে হত্যা

গণপিটুনিতে অভিযুক্ত নিহত, বাড়িতে আগুন

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ডে বাড়ি থেকে নিয়ে যুবককে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে নাঈম হাসান (১৭) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। তার নখ তুলে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন স্থান থেকে চামড়া তুলে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে ইরান (৪২)। এ সময় তার এক সহযোগীও গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা ইরানের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। শনিবার গভীর রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম ভাটেরখীল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইরান ভাটেরখীল এলাকার চিহ্নিত মাদক কারবারি। কয়েকদিন আগে ইরানের কিছু ইয়াবা তার এক ব্যবসায়িক সহযোগী হারিয়ে ফেলে। এগুলো খোঁজাখুঁজি শুরু করলে ওই সহযোগী জানায়, ইয়াবাগুলো নাঈম হাসান নিয়েছেন। এ কথা শুনে ইরান তার দলবল নিয়ে ২০ জুলাই রাতে নাঈমকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তার ওপর অমানুষিক নির্যাতন চালায়। তার নখ তুলে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থান থেকে খুঁচিয়ে খুঁচিয়ে চামড়া তুলে নেয়। এরপর মুমূর্ষু অবস্থায় নাঈমকে তার বাড়ির সামনে ফেলে চলে যায়। তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় নাঈম মারা যান। তিনি সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল গ্রামের মো. খোকনের ছেলে।

নাঈমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। শনিবার রাতে জানাজা শেষে কয়েকশ বিক্ষুব্ধ লোক ইরান ও তার সহযোগীদের খুঁজতে বের হন। প্রথমে ইরানকে না পেয়ে তার এক সহযোগীকে গণপিটুনি দেওয়া হয়। পরে গভীর রাতে পশ্চিম ভাটেরখীল এলাকায় ইরান যে ঘরে থেকে ইয়াবার কারবার করত সেই ঘরে আত্মগোপনে রয়েছে-এমন খবর পেয়ে এলাকাবাসী ওই ঘর ঘিরে ফেলে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে। পরে ওই ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নাঈমের বাবা মো. খোকন সাংবাদিকদের বলেন, শনিবার আমরা থানায় মামলা করেছি। ইরানের বিরুদ্ধে আগেও একটি হত্যা মামলা ছিল।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ইরান চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং দুই হত্যা মামলার আসামি। তিনি বলেন, গণপিটুনির পর পুলিশ ইরানের লাশ উদ্ধার করেছে। তার এক সহযোগীকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম