জাকসুর ব্যতিক্রমী আয়োজন
চৈত্র সংক্রান্তিতে ভেলাবাইচে মুখর ক্যাম্পাস
জাবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলা নববর্ষ সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলাবাইচ প্রতিযোগিতা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রংপুকুর লেকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এ আয়োজন করে। গ্রামীণ সংস্কৃতি তুলে ধরা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এতে বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হল থেকে ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শহীদ সালাম-বরকত হল, দ্বিতীয় স্থান নবাব সলিমুল্লাহ হল এবং তৃতীয় স্থান অধিকার করে আ ফ ম কামাল উদ্দিন হল। বিজয়ীদের যথাক্রমে রাজহাঁস, দেশি মোরগ এবং একজোড়া কবুতর প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, প্রক্টর এ কে এম রাশিদুল আলম, জাকসুর জিএস মাজহারুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে। এমন সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, এই আয়োজন সফল হয়েছে মূলত অংশগ্রহণকারী হলগুলোর আন্তরিকতার কারণে।
