Logo
Logo
×

খবর

লাইনে দাঁড়িয়ে কেনা পেট্রোল বেশি দামে বিক্রি

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বরিশাল নগরীর ফিলিং স্টেশনগুলো থেকে লাইনে দাঁড়িয়ে তেল কিনে বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। যে কারণে নগরীর ফিলিং স্টেশনগুলোতে সব সময়ই মোটরসাইেকেলের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সরেজমিন সূত্র বলছে, সরকার তেলের দাম না বাড়ালেও জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। ১১৬ টাকা দামে মোটরসাইকেলে তেল ভর্তি করে উপজেলা পর্যায়ে দেড়শ টাকা লিটার করে বিক্রি করছে এসব চালক। যে কারণে পেট্রোলপাম্পগুলোতে মোটরসাইকেলের লাইন শেষ হয় না। জেলার দশটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়তি দামে তেল বিক্রি করছে একটি অসাধু চক্র।

এসব চক্রের সদস্যরা মোটরসাইকেলচালকদের কাছ থেকে তেল কিনে বাইরে বেশি দামে বিক্রি করছে। এদের নিয়ন্ত্রণ করা না হলে তেলের কৃত্রিম সংকট কাটবে না বলে জানান সাধারণ মানুষ।

উজিরপুর উপজেলার বড়াকোঠা গ্রামের বাসিন্দা মজিবর রহমান বলেন, আমাদের গ্রামে ১৫০-১৬০ টাকা লিটার বিক্রি হচ্ছে পেট্রোল। শহরে যেতে-আসতে সময় লাগে ও প্রায় এক লিটার তেল খরচ হয়। তাই বাড়তি দাম হলেও গ্রামে বসে তেল পাই। একই অবস্থা সবকটি উপজেলায়। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। এসব বিষয়ে বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, বাজার নিয়ন্ত্রণে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। কেউ বেশি দামে তেল বিক্রি করলে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম