বরিশাল জেলা খাদ্যগুদাম
লেবার হ্যান্ডেলিং নিয়ে মুখোমুখি দুই গ্রুপ
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশাল খাদ্যগুদামের লেবার হ্যান্ডেলিং নিয়ে বিএনপি-আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) পালটাপালটি অভিযোগ করেছে। এ ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। সর্বশেষ রোববার বিকালে ঝাড়ুমিছিল বের করে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা। তবে বিএনপি নেতাকর্মীদের দাবি তারা লেবার হ্যান্ডেলিংয়ের টেন্ডারের বিষয় জানতে জেলা খাদ্য কর্মকর্তার কাছে গেলে তখন লাঠিসোঁটা নিয়ে বের হয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
জানা যায়, আঠারো বছর ধরে বরিশাল জেলা খাদ্যগুদামের লেবার হ্যান্ডেলিং কাজ নিয়ন্ত্রণ করে আসছে ভাটারখাল এলাকার লেবার আলমগীর। তিনি আওয়ামী লীগ সমর্থিত ও তার ছেলে রুবেল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া আলমগীরের মেয়ে জামাতা সুমন ওরফে কইতর সুমন ১০নং ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য। এসব পরিচয়ে গত আঠারো বছর টেন্ডার ছাড়াই লেবার হ্যান্ডেলিং করছে তারা। তাছাড়া খাদ্যগুদামের চাল-গম এই লেবার আলমগীরের পরিবার নিয়ন্ত্রণ করে। ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের খাদ্যগুদামের লেবার হ্যান্ডেলিং নিয়ন্ত্রণে নিতে চেষ্টা চালায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তবে বরিশাল জেলা খাদ্য কর্মকর্তাদের সঙ্গে আলমগীরের সখ্য থাকায় মামলার ছুতোয় লেবার হ্যান্ডেলিং টেন্ডার গত পনেরো বছর করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ বরিশাল খাদ্যগুদামের একসময়ের লেবার আলমগীর গত আঠারো বছর খাদ্য কর্মকর্তাদের ম্যানেজ করে লেবার হ্যান্ডেলিং ও গোডাউনের চাল বেচাকেনার কাজটা করছেন। আর এই কাজের ভাগ পায় অফিসের কর্মকর্তারা। যে কারণে একসময়ের লেবার আলমগীর এখন বরিশাল নগরীতে কয়েকটি বাড়ির মালিক।
এ বিষয়ে বরিশাল জেলা খাদ্য কর্মকর্তা এসএম তাহাসুনুল হক বলেন, বহু বছর আগে এই লেবার হ্যান্ডেলিংয়ের টেন্ডার হয়েছিল। তবে পনেরো বছর আগে এক ঠিকাদারের করা মামলার কারণে আর টেন্ডার করা হয়নি। মামলা শেষ হলে নতুন করে টেন্ডার আহ্বানের কথাও জানান তিনি। বর্তমানে চুক্তিভিত্তিকভাবে আলমগীর ও তার ছেলে রুবেল এই কাজটি করছে।
