Logo
Logo
×

খবর

কিশোর গ্যাং থেকে বাঁচতে লিফটের গর্তে পড়ে ছাত্রের মৃত্যু

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম দুই কিশোর গ্যাং গ্রুপের মারামারির সময় লুকাতে গিয়ে ভবনে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাতে চকবাজার থানার ডিসি রোড এলাকার মৌসুমী আবাসিকের ‘আমিন-হাসান বিল্ডিং’য়ে ঘটনাটি ঘটে। নিহত আশফাক কবির সাজিদ সজিব নগরীর বিএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ার বদরখালী ইউনিয়নে। এ ঘটনায় ভবনটির দারোয়ান এনামুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে মৌসুমী আবাসিক এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই কিশোর গ্যাং গ্রুপের মারামারি হয়। এক গ্রুপ আরেক গ্রুপকে দা, কিরিচ দিয়ে ধাওয়া দেয়। মারধর থেকে বাঁচতে আমিন-হাসান বিল্ডিংয়ের ৮ম তলায় উঠে পড়েন সজিব। ভবনটিতে একটি লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে মারা যান তিনি। পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশটি পাঠায়।

ভবনটির বাসিন্দা সাদ্দাম হোসেন যুগান্তরকে জানান, দারোয়ান তাকে (সজিব) নেমে যেতে বলেন। তখন সজিব দারোয়ানকে বলেন, সে কিশোর গ্যাংয়ের ভয়ে লুকাতে এসেছে। প্রতিপক্ষ তাকে ফেলে মেরে ফেলবে। এর কিছুক্ষণ পর লিফটের গর্তে পড়ে মারা যান। চকবাজার থানার ওসি বাবুল আজাদ বলেন, একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম