এক মুরগি তিন বার জবাই করা চলবে না: শিক্ষামন্ত্রী
যশোর ব্যুরো
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এক মুরগি তিনবার জবাই করা যাবে না। শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে। এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে নতুন করে ভর্তির বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে শিক্ষাসংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।
এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। পরীক্ষায় নকলের রূপ পালটিয়েছে, এখন ডিজিটালি হচ্ছে নকল বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, আজকের ছাত্র ও ছাত্রীরা নকল করলে শিক্ষকদের দুর্বলতা। করোনার মতো নকলের রূপ পালটিয়েছে। তিনি বিরোধী দলসহ দেশের প্রতিটি সংসদ-সদস্যকে প্রতিদিন শিক্ষা নিয়ে কথা বলার এবং সংসদে শিক্ষাবিষয়ক নোটিশ দেওয়ার আহ্বান জানান। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আসমা খাতুনের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন যশোর-৫ আসনের এমপি গাজী এনামুল হক, যশোর-৬ আসনের এমপি মোক্তার আলী, ঝিনাইদহ-৩ আসনের এমপি মতিউর রহমান, নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের এমপি আব্দুল আলিম প্রমুখ।
