যৌথ বাহিনীর অভিযান
৪৮ হাজার ৫শ লিটার ফার্নেস অয়েল জব্দ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জ্বালানি তেল ও ভোজ্যতেলের অবৈধ মজুত, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সরকারি জমি ও ফুটপাত দখলের বিরুদ্ধে চট্টগ্রাম ও ফেনীতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোববার র্যাবের চট্টগ্রাম ইউনিটের উদ্যোগে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বিপিসি ও বিএসটিআইয়ের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে ৪৮ হাজার ৫শ লিটার ফার্নেস অয়েল জব্দ, ১২ একর সরকারি জমি উদ্ধার এবং ফুটপাথের ৯টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
এছাড়া নানা অনিয়মের দায়ে ৪ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-৭ জানায়, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে অকটেন, ডিজেল, ফার্নেস অয়েল ও ভোজ্যতেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছিল। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সরকারি জমি ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে তেল মজুত, অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি এবং স্ট্যাম্পবিহীন ওজন ও পরিমাপ যন্ত্র ব্যবহারসহ নানা অপরাধের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মেয়াদ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও মজুত এবং ভুয়া সিল ব্যবহারের দায়ে আরও ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স ছাড়া অপরিশোধিত ফার্নেস অয়েল আমদানি, পরিবহন, মজুত ও প্রক্রিয়াজাতকরণের অপরাধে একটি প্রতিষ্ঠান থেকে ৪৮ হাজার ৫শ’ লিটার ফার্নেস অয়েল জব্দ করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বলেন, অভিযানে সরকারি জমি ও ফুটপাত দখলের অপরাধে অতিরিক্ত ৫৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১২ একর সরকারি জমি উদ্ধার ও ফুটপাথের ৯টি দোকান উচ্ছেদ করা হয়। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
