রাউজানে সড়কে নিহত ১, দুই বাসে আগুন দিল জনতা
রাজধানীসহ আরও সাত জেলায় ৮ প্রাণহানি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা দুটি বাস পুড়িয়ে দেয়। রাজধানীসহ আরও সাত জেলায় সড়কে প্রাণ হারিয়েছেন ৮ জন। তাদের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে যুবক, ফরিদপুরের ভাঙ্গায় দুইজন, মৌলভীবাজারের বড়লেখায় যুবক, নওগাঁর নিয়ামতপুরে নারী, বরগুনার আমতলীতে শিশু, যশোরের বেনাপোলে যুবক ও খুলনার কয়রায় ভ্যানচালক রয়েছেন। যুগান্তর প্রতিবেদন, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
ঢাকা : রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নিহত সাজ্জাদ সাকিব পেশায় পরিবহণ শ্রমিক ছিলেন। তিনি ডেমরা কোনাপাড়ার আলামিন রোড এলাকার আব্দুস সালামের ছেলে। রোববার রাত ১টার দিকে যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
রাউজান (চট্টগ্রাম) : বাসের সঙ্গে সংঘর্ষে নিহত সিএনজিচালিত অটোরিকশাচালক নজরুল ইসলাম রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া গ্রামের বাসিন্দা। রোববার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের উরকিরচর ইউনিয়নের মিয়ারঘাটা ব্রিকফিল্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের ভাষ্য, কাপ্তাই সড়কে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নজরুল নিহত হন। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে থাকা সৌদিয়া পরিবহণ ও কর্ণফুলী পরিবহণের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। রাত পৌনে ১২টা পর্যন্ত বাস দুটি জ্বলছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভাঙ্গা (ফরিদপুর) : বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী গ্রামের সেকেন মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা ও নেশারউদ্দিন শেখের ছেলে আলমগীর শেখ। সোমবার ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলায় দুর্ঘটনাটি ঘটে।
বড়লেখা (মৌলভীবাজার) : দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত রাজমিস্ত্রি আনোয়ার হোসেন বড়লেখা পৌরসভার মহুবন্দ (ইয়াকুবনগর) এলাকার নুর উদ্দিনের ছেলে। রোববার রাতে বড়লেখা-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের দাসেরবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিয়ামতপুর (নওগাঁ) : ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উলটে পড়ে নিহত জুলেখা বিবি নিয়ামতপুরের মহাতাব শাহের স্ত্রী। রোববার নিয়ামতপুর-ঘুঘু ডাঙ্গা সড়কের মাদ্রাসা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।
আমতলী (বরগুনা) : অটোরিকশা উলটে খাদে পড়ে নিহত জুনায়েদ পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামের আবু সায়েদের ছেলে। সোমবার আমতলী উপজেলার টেপুড়া বাজার সড়কে দুর্ঘটনাটি ঘটে।
বেনাপোল (যশোর) : ট্রাকের ধাক্কায় নিহত সাইকেল আরোহী রোমান শেখ শার্শার বেনাপোলের মানকিয়া গ্রামের সুমন শেখের ছেলে। রোববার রাতে বেনাপোল-শার্শা সড়কে দুর্ঘটনাটি ঘটে।
কয়রা (খুলনা) : ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ভ্যানচালক মজিবার মোড়ল উপজেলার বগা গ্রামের আবুল কাশেম মোড়লের ছেলে। সোমবার কয়রার নারায়ণপুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
