Logo
Logo
×
   

খবর

মধ্যবিত্তের আবাসন স্বপ্ন পূরণ

খুলনায় ৫৬০ ফ্ল্যাট বানাচ্ছে গৃহায়ন

১৬ বছরের সহজ কিস্তি * লটারি ছাড়াই পাবে ২০০ পরিবার

নূর ইসলাম রকি

নূর ইসলাম রকি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খুলনায় ৫৬০ ফ্ল্যাট বানাচ্ছে গৃহায়ন

খুলনা নগরীতে মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিতে প্রথমবার বহুতল ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে খালিশপুরে নিজস্ব জমিতে ১০ তলাবিশিষ্ট ৯টি ভবনে ৫৬০টি আধুনিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। ‘গৃহায়ন রূপসা’ নামের এ প্রকল্পের আওতায় নাগরিকরা ১৬ বছরের সহজ কিস্তিতে লটারির মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দ পাবেন, যেখানে পার্ক, খেলার মাঠ, কমিউনিটি স্পেসসহ থাকবে নাগরিক জীবনের সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা।

নগরীর খালিশপুর থানার সরকারি মহসিন কলেজের পাশে এবং রোটারি ক্লাবের বিপরীতে ৮ দশমিক ৮৮ একর জমিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মেয়াদ ধরা হয়েছে জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত। সংশ্লিষ্টরা জানান, খুলনা নগরীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর আগে শুধু প্লটের ব্যবসা করলেও ফ্ল্যাটের ব্যবসা এবারই প্রথম।

প্রকল্পের প্রস্তাবিত তথ্য অনুযায়ী, ৫৬০টি ফ্ল্যাটের জন্য ৯টি ১০ তলা ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ভবনেই থাকবে লিফট এবং দোতলায় কমিউনিটি হলের সুবিধা। এ ৯টি ভবনকে তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে ৬টি ভবনে ৪২০টি ফ্ল্যাট হবে, যার প্রতিটির আয়তন ১৫৭৫ বর্গফুট। এখানে প্রতি ফ্লোরে ৮টি করে ফ্ল্যাট থাকবে এবং ভবনের বাসিন্দাদের জন্য গাড়ি পার্কিংয়ের জায়গা থাকবে ২৭০টি। ফ্ল্যাটগুলোর ভেতরে একটি মাস্টার বেড, একটি চাইল্ড বেড, ড্রয়িংরুম, ডাইনিং স্পেস ও একটি কিচেনসহ তিনটি ওয়াশরুম থাকবে। এছাড়া একটি ভবনে ১৩৫৫ বর্গফুটের ৭০টি ফ্ল্যাট হবে; যেখানে ৪০টি গাড়ি পার্কিংয়ের সুবিধাসহ প্রতি ফ্ল্যাটে চারটি রুম, একটি কিচেন ও তিনটি ওয়াশরুমের ব্যবস্থা থাকবে। আর সবচেয়ে ছোট ১২৫৩ বর্গফুটের ফ্ল্যাট হবে ৭০টি, যা দুটি ভবন মিলিয়ে তৈরি করা হবে। এই ভবন দুটিতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ২৪টি এবং প্রতিটি ভবনে ৩৫টি করে ফ্ল্যাট থাকবে, যার প্রতি ফ্লোরে ফ্ল্যাটের সংখ্যা থাকবে ৪টি। এর বাইরে প্রকল্পের আওতায় একটি ৭ তলা ভবনে মার্কেট কাম কমিউনিটি বিল্ডিং এবং একটি ৪ তলা ভবনে ক্লাব নির্মাণ করা হবে। এখানে ৫৬০টি ফ্ল্যাটের বাসিন্দাদের নাগরিক সুবিধার কথা চিন্তা করে একটি খেলার মাঠ, শিশুদের জন্য ৩টি পার্ক, ২টি গ্রিন স্পেস, ১টি পুকুর এবং ২০ থেকে ৪০ ফুট প্রশস্ত রাখা হবে রাস্তা। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদন হওয়ার পর মন্ত্রণালয় থেকে অর্থছাড় হলে এ প্রকল্পের কাজ শুরু হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) আল মুজাহেদী মোহাম্মদ মাহসুদুল হক যুগান্তরকে জানান, প্রকল্পের ফ্ল্যাট একের বেশি কেউ পাবেন না। তবে এই ফ্ল্যাটগুলোর মধ্যে ২০০টি ফ্ল্যাটের জন্য কোনো লটারি হবে না। বর্তমানে যেখানে প্রকল্পটি করা হচ্ছে, সেখানকার হাউজিংয়ের বাড়িতে যারা ভাড়ায় আছেন, তারা যদি সব দেনা পরিশোধ করেন তবে অগ্রাধিকার ভিত্তিতে ওই ২০০ পরিবার নতুন প্রকল্পে ফ্ল্যাট পাবে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ খুলনা বিভাগের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান যুগান্তরকে বলেন, প্রথমবার খুলনায় মধ্যম আয়ের মানুষের কথা চিন্তা করে আবাসিক ফ্ল্যাট নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম