চুরির অভিযোগে আটক
দুইশ রাকাত নামাজে গণপিটুনি থেকে যুবকের রক্ষা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মোবাইল চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটকের পর গণপিটুনি না দিয়ে সংশোধনের সুযোগ দিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া বাজারে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে স্থানীয়রা আটক করেন। খবর ছড়িয়ে পড়লে তাকে ঘিরে বাজারে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। এ সময় উপস্থিত অনেকের মধ্যে তাকে গণপিটুনি দেওয়ার কথাও ওঠে। তবে শেষ পর্যন্ত মারধরের পরিবর্তে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাকে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আটক যুবকের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে তাকে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নফল নামাজ আদায়ের শর্তে ছেড়ে দেওয়া হয়। পরে ওই যুবক স্বেচ্ছায় নামাজ আদায় করে ভবিষ্যতে আর কোনো অপরাধে জড়িত হবেন না বলে প্রতিশ্রুতি দেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আটক যুবকের বাড়ি মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাশপাড়া গ্রামে। তবে তার বিরুদ্ধে এর আগে চুরির সঙ্গে জড়িত থাকার স্থানীয় কিছু মানুষের অভিযোগের বিষয়ে কোনো আইনগত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, ‘মানবিক কারণে স্থানীয়রা যদি এ সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে পুলিশের করণীয় থাকে না। কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া সম্ভব।’
