ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণ
সিলেটে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
সিলেট ব্যুরো
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম শেখপাড়া এলাকায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫-৩০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনসহ ৭ পুলিশ সদস্যও আহত হয়েছেন। আহতদের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, ওয়াকফ এস্টেট (ইসি নং-১২৭৩৫) পরিচালনা এবং এর অধীনস্থ বিপুল সম্পত্তি নিয়ে শেখপাড়া এলাকার দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ২৯ জুলাই ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়াকফ এস্টেটের প্রশাসক সিলেট-৩ আসনের সংসদ-সদস্য মোহাম্মদ আব্দুল মালিককে সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহসভাপতি, মো. ফজলু মিয়াকে মোতাওয়াল্লি, আবেদ রাজা ও আহমদুর রহমান ছাদেককে যুগ্ম মোতাওয়াল্লি এবং মোয়াজ্জেম হোসেন লনি, লুতফুর রহমান বাবু, আব্দুল মতিন শাহিন ও আব্দুস সামাদকে সদস্য করে ৯ সদস্যের কমিটিকে অনুমোদন দেন। এ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে শাহ আব্দুল মান্নান বাদী হয়ে উচ্চ আদালতে রিট পিটিশন (নং ১০৭৬৭/২৬) দাখিল করেন। ১৬ আগস্ট বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মো. তাজরুল হোসাইনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে অনুমোদিত কমিটি বহাল রেখে কেবল মোতাওয়াল্লি ফজলু মিয়ার কার্যক্রম সাময়িক স্থগিত করেন এবং আবেদ রাজাকে মোতাওয়াল্লির দায়িত্ব পালনের নির্দেশ দেন। আইনি প্রক্রিয়া চলমান থাকার মধ্যেই শুক্রবার দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
