Logo
Logo
×
   

খবর

ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত, আহত বাবা

তিন স্থানে ঝরল আরও ৩ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত ও বাবা আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টায় ঘোড়াঘাট ফিলিং স্টেশনের কাছে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় তিন স্থানে আরও তিনজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে মোটরসাইকেল আরোহী, সিরাজগঞ্জে ট্রাক চালক এবং গাজীপুরে ব্যবসায়ী রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঘোড়াঘাট (দিনাজপুর) : নিহতরা হলেন-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুল্লহার এলাকার সেলিম সরকারের স্ত্রী সম্পা বেগম এবং মেয়ে নুছাইফা আক্তার। সেলিম সরকার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে হামিদপুর চিত্তিপাড়ায় বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। ওই স্থানে পৌঁছালে ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় সেলিম সরকার আহত হন।

ঢাকা : রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন রাতল নিহত হয়েছেন। শুক্রবার সকালে ভাটারা ১০০ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাজ্জাদ একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। তিনি বনানীর মহাখালী মধ্যপাড়া এলাকার শাহজাহান গাজীর ছেলে।

সিরাজগঞ্জ : রায়গঞ্জ উপজেলায় ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় শরিফুল ইসলাম নামের এক চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার নূর পাম্পসংলগ্ন এসঅ্যান্ডবি ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক চালক শরিফুল ইসলাম যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর সড়ক পারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যবসায়ী জামাল হোসেন নিহত হয়েছেন। উপজেলার মৌচাক এলাকায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এছাড়া দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। নিহত জামাল উপজেলার মৌচাকের নিশ্চিন্তপুর এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .