Logo
Logo
×
   

দ্বিতীয় সংস্করণ

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

সংগৃহীত

রাজধানীর ভবনগুলোর ত্রুটি চিহ্নিত করে ভূমিকম্পের ঝুঁকি কমাতে ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডুরা আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকিতে দেশ : আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রাজউক চেয়ারম্যান বলেন, ভূমিকম্পে ভবন ধসে পড়ার জন্য শুধু ভবনের উচ্চতা দায়ী নয়; ত্রুটিপূর্ণ নকশা, মাটির অবস্থা এবং নির্মাণে অনিয়মও এর অন্যতম প্রধান কারণ। তাই ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা, মাটি পরীক্ষা এবং কৌশলগত মান নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, রাজধানীতে বিপুলসংখ্যক ভবন রয়েছে। এসব ভবনের ঝুঁকি একসঙ্গে নিরূপণ করা সম্ভব নয়। এজন্য ধাপে ধাপে র‌্যাপিড ভিজ্যুয়াল অ্যাসেসমেন্ট, প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট এবং ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, ভূমিকম্প মোকাবিলায় রাজউকের সক্ষমতা বাড়াতে একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভূমিকম্পের আগে ঝুঁকি নিরূপণ, জনসচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। আর ভূমিকম্পের ঝুঁকি কমানোর দায়িত্ব শুধু রাজউকের নয়। সিটি করপোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কার্যকর সিটি গভর্নমেন্ট ব্যবস্থা থাকলে নগর ব্যবস্থাপনার বিভিন্ন কাজ আরও সহজ ও সমন্বিতভাবে করা সম্ভব।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মো. আব্দুর রাজ্জাক বলেন, ভবন নির্মাণের ঝুঁকি সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে নিয়মিত ভূমিকা রাখতে হবে। প্রকৌশলী ও তদারকি সংস্থাগুলোকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সালেহ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন ডুরার সভাপতি শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম