Logo
Logo
×
   

দ্বিতীয় সংস্করণ

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোলপাম্পে ছিনতাই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোলপাম্পে ছিনতাই

রাজধানীর উত্তরায় ডিএল ফিলিং স্টেশনের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকালে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববারই ডিএমপির বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে মামলা করেন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম। তিনি জানান, পেট্রোলপাম্পটির দুই মালিক হলেন তাসীন আক্তার হক ডেল ও ইয়াছির মোহাম্মদ বিন আজিম খান।

তাসীন আক্তার হকের মা প্রয়াত খুরশীদ জাহান হক হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। সেই সূত্রে তাসীন আক্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই।

মামলা সূত্রে জানা গেছে, ছিনতাইকারীরা তিনটি মোটরসাইকেলে এসে পেট্রোলপাম্পের কর্মচারীদের বহনকারী কাভার্ডভ্যানের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি এক কর্মচারীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।

মামলার এজাহারে বলা হয়, ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যানচালক মো. খোরশেদ টাকা নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিল। ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে। বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .