Logo
Logo
×
   

দ্বিতীয় সংস্করণ

শামীম কায়সার ধর্ম প্রতিমন্ত্রী হওয়া প্রত্যাশার পরিপন্থি: হেফাজতে ইসলাম

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা-৪ আসনের সংসদ-সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সরকারকে এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী এই প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে শপথ পড়ানো হয়েছে। দেশের আলেম-উলামা ও তাওহিদি জনতার পক্ষে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

হেফজাতে ইসলামের নেতৃবৃন্দ বলেন, বৃহস্পতিবার ‘সম্মিলিত উলামা মাশায়েক বাংলাদেশ’র উদ্যোগে সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হয়েছিল, শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া আলেম সমাজ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থি। তিনি দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনা-বিরোধী মতাদর্শে বিশ্বাসী। বিবৃতিতে সরকারকে সতর্ক করে বলা হয়, দেশের কওমি আলেম সমাজ ও তাওহিদি জনতার অকৃত্রিম অবদান ও পরামর্শকে উপেক্ষা করে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্ক ও আস্থায় চরম চির ধরবে। শামীম কায়সারকে প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার জোর দাবি জানানো হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .