Logo
Logo
×
   

দ্বিতীয় সংস্করণ

১০ ম্যাচে নিষিদ্ধ পারেদেস আর্জেন্টিনারও বড় জরিমানা

বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির ঘটনায় ফিফার শাস্তি এড়াতে পারেনি স্পেনও

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ও স্পেনের ফুটবলারদের মধ্যে হাতাহাতির ঘটনায় অবশেষে কড়া পদক্ষেপ নিল ফিফা। ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। সেই সঙ্গে ৯০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে তাকে। নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনার আরও দুই ফুটবলার এবং একজন কোচিং স্টাফও। মোটা অঙ্কের আর্থিক জরিমানা দিতে হবে তাদের। শাস্তি এড়াতে পারেনি স্পেনও। এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন স্পেনের তরুণ তারকা গাভি। শুক্রবার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই সিদ্ধান্ত নিয়ে তুমুল চর্চা চলছে ফুটবলপ্রেমীদের মধ্যে। পারদেসকে ৯০ হাজার ডলার জরিমানা করা ছাড়াও সাত ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা। তাকেও জরিমানা করা হয়েছে ৯০ হাজার ডলার। মিডফিল্ডার থিয়াগো আলমাদাও পড়েছেন কড়া শাস্তির মুখে। এক ম্যাচের জন্য নিষিদ্ধ এবং ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে তাকে। সেই সঙ্গে স্পেনের দানি ওলমোকে আঘাতের জন্য আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ এবং ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

এদিকে শাস্তি এড়াতে পারেনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনও। হাতাহাতিতে জড়ানোর অভিযোগে স্পেনের মিডফিল্ডার গাভিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। শুধু ফুটবলারদেরই নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও (এএফএ) বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। এএফএকে মোট তিন লাখ ২১ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। এছাড়া পরের দুটি হোম ম্যাচে ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলার নির্দেশ দেওয়া হয়েছে আর্জেন্টিনাকে। খেলাকে রাজনৈতিক ও অন্য কারণে ব্যবহার, ফুটবলারদের অভব্য আচরণ এবং সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গির অভিযোগে এই শাস্তি। ফাইনালে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।

গোটা বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা এবং তাদের সমর্থকদের ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। কিছু আর্জেন্টাইন সমর্থকের বিরুদ্ধে কয়েকজন ইনফ্লুয়েন্সারকে বর্ণবিদ্বেষমূলক গালমন্দ করার অভিযোগ উঠেছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারকে ‘Las Malvinas son Argentinas’ লেখা ব্যানার হাতে দেখা যায়। ব্রিটিশ নিয়ন্ত্রিত ভূখণ্ড ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনার অংশ হিসাবে দাবির স্লোগান ছিল ওই ব্যানারে। বিতর্ক আরও বাড়ে বিশ্বকাপ ফাইনালের পর স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনায়। স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন পারেদেস এবং গাভিকে মাটিতে ফেলে দেন। পরে তাকে গার্সিয়ার মুখে আঘাত করতেও দেখা যায়। সংঘর্ষে জড়ান আরও অনেক ফুটবলার। সব ঘটনা নিয়েই এবার কড়া পদক্ষেপ নিল ফিফা। তবে এই শাস্তি মানতে রাজি নয় এএফএ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবে। আবেদন নাকচ হলে বিষয়টি নিয়ে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) অর্থাৎ বিশ্ব ক্রীড়া আদালতের দ্বারস্থ হবে তারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .