Logo
Logo
×
   

খেলা

বাংলাদেশ পাকিস্তান প্রথম ওয়ানডে আজ

নতুন শুরু নতুন স্বপ্ন

জ্যোতির্ময় মন্ডল

জ্যোতির্ময় মন্ডল

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন শুরু নতুন স্বপ্ন

ছবি-বিসিবি

বাংলাদেশ তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ২০২৫ সালের ২ ডিসেম্বর। সেই হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে তারা ফিরছে তিন মাসের কিছু বেশিদিন পর (আনুমানিক ৯৮ দিন)। এর মধ্যে টি ২০ বিশ্বকাপে ‘অনুপস্থিত’ থেকেছে বাংলাদেশ। তাই এই প্রত্যাবর্তন নতুন সূচনা বৈকি। নতুন শুরু। নতুন স্বপ্ন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুন পথচলা কেমন হবে, তার জন্য অপেক্ষা করতে হবে ১৫ মার্চ পর্যন্ত। ওইদিন তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে। আজ প্রথম এবং শুক্রবার দ্বিতীয় ওয়ানডে। তিনটি ম্যাচই দিবা-রাত্রির। মিরপুরে শুরু হবে বেলাপ ২টা ১৫ মিনিটে।

ঈদুল ফিতরের আগে সিরিজ জিতে সমর্থকদের অগ্রিম ঈদ উপহার দিতে চান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মঙ্গলবার মিরপুরে সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে উঠে আসে ‘নতুন যাত্রার’ বিষয়টি। ঘরে-বাইরে মিলিয়ে এই সংস্করণে বাংলাদেশের ম্যাচ রয়েছে ২২টি। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আইসিসি র‌্যাংকিংয়ে অন্তত নয়ের মধ্যে থাকলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেবে বাংলাদেশ। অধিনায়ক মিরাজ বলেন, ‘এই সিরিজ শুধু আমাদের জন্য নয়, বাংলাদেশ দল এবং দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে যে-ই বাংলাদেশকে নেতৃত্ব দিক না কেন, তার প্রথম অগ্রাধিকার হবে বাংলাদেশ। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ।’

জানুয়ারিতে রাজনৈতিক অচলাবস্থার কারণে বাংলাদেশের পরিকল্পনা হঠাৎ ওলটপালট হয়ে যায়। সেই জটিলতার জেরে শেষ পর্যন্ত আইসিসি টি ২০ বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ। বড় আন্তর্জাতিক আসর মিস করার হতাশা কিছুটা কমাতে বিসিবি দুটি ছোট ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করে। কোনোভাবেই সেটি বিশ্বকাপের বিকল্প ছিল না। সেই আক্ষেপ পেছনে ফেলে বাংলাদেশের দৃষ্টি ভবিষ্যতের দিকে-২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। ২০২৫ সালে ১১টি ওয়ানডে খেলে মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ। ভারসাম্য ফেরাতে দলে ফিরিয়ে আনা হয়েছে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে। ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। লিটন দাসকে ছয়ে খেলানো হতে পারে। কয়েকটি ম্যাচে উপরে ব্যাট করা মিরাজ আবার সাত নম্বরে ফিরতে পারেন। বোলিং আক্রমণে প্রধান ভরসা মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।

সিরিজে একটি ম্যাচ জিতলেই ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭ রেটিং পয়েন্ট হবে বাংলাদেশের। ২-১ এ সিরিজ জিতলে ক্যারিবীয়দের টপকে র‌্যাংকিংয়ে নয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ। আর যদি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা যায়, তাহলে চার রেটিং পয়েন্টে এগিয়ে বাংলাদেশের রেটিং দাঁড়াবে ৮১। ২০১৫ সালে সবশেষ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

পাকিস্তান এসেছে বাবর আজমদের ছাড়াই। নতুন ছয়জন ক্রিকেটার দলে। সাহিবজাদা ফারহানের সঙ্গে আরেকজন ওপেনারের অভিষেক হতে পারে। ওয়ানডাউনে অভিষেক হবে শামিল হুসাইনের। টি ২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান দলে বড় পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি বলেন, ‘পাকিস্তান দল পেস বোলিংয়ের জন্য পরিচিত। আমি অবশ্যই পেস বোলিংকে গুরুত্ব দেব এবং চেষ্টা করব পেসাররা যেন উইকেট নিতে পারে। পাশাপাশি স্পিনাররাও যেন অবদান রাখতে পারে, সেটিও নিশ্চিত করতে হবে।’

মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দুদলই প্রায় ৮৪ শতাংশ ওভার স্পিনারদের দিয়ে করিয়েছিল। এক ম্যাচে বাংলাদেশ পুরো ৫০ ওভারই স্পিন বোলিং করেছিল। এবার প্রথম ওয়ানডের আগে দুই দলের কোচ ফিল সিমন্স ও মাইক হেসন জানিয়েছেন, উইকেট আগের চেয়ে কিছুটা ভালো মনে হচ্ছে তাদের। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম