Logo
Logo
×
   

খেলা

‘অভিজ্ঞ’ বনাম ‘অনভিজ্ঞ’

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে আজ মিরপুরে

জ্যোতির্ময় মন্ডল

জ্যোতির্ময় মন্ডল

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘অভিজ্ঞ’ বনাম ‘অনভিজ্ঞ’

তীব্র গরম, মিরপুরের চিরচেনা উইকেট এবং আত্মবিশ্বাসে টইটুম্বুর বাংলাদেশ দল। উলটো দিকে আইপিএল ও পিএসএলের ব্যস্ততায় প্রথম সারির অধিকাংশ ক্রিকেটারকে ছাড়াই তরুণ ও অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশ সফরে আসা নিউজিল্যান্ড। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলা একাদশের আট কিউই ক্রিকেটার নেই এই সিরিজে। প্রতিকূল কন্ডিশনে সফরকারীদের জন্য এ এক মস্ত চ্যালেঞ্জ। যা স্বাগতিকদের জন্য সুবর্ণ সুযোগ। বাংলাদেশের সম্ভাবনার ফুল ফোটাতে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বেলা ১১টায়।

র‌্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার পথে যখন নতুন করে হিসাব-নিকাশ কষতে হচ্ছে মেহেদী হাসান মিরাজদের, তখন এই সিরিজ তাদের শক্তি প্রমাণের মঞ্চ। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সাফল্যের পর আত্মবিশ্বাসে উজ্জ্বল বাংলাদেশ তাকিয়ে আরেকটি জয়মাল্য গাঁথার দিকে। ঘরের মাঠ, অভিজ্ঞতা আর কন্ডিশনের সুবিধা-সবকিছুই যেন এক সুতোয় গেঁথে দিয়েছে সম্ভাবনার মালা। সারা বিশ্বের মতো বাংলাদেশেও জ্বালানি সংকটের কথা মাথায় রেখে দিবা-রাত্রির ম্যাচ নিয়ে এসেছে বিসিবি। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস। তিন দিন আগে এসে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া কিউইদের জন্য যা চ্যালেঞ্জ। বাংলাদেশের সব হিসাব ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে। সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে র‌্যাংকিংয়ে নয়ের মধ্যে থাকতে হবে। ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের (৭৭) উপরে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলে বাংলাদেশের অবস্থান শক্ত হবে। ২-১ এ সিরিজ জিতলেও রেটিং পয়েন্ট হবে ৮৩। আর হোয়াইটওয়াশ করতে পারলে হবে ৮৫। র‌্যাংকিংয়ে আট নম্বরে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৮৮।

নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার এই সফরকে দেখছেন তরুণ ও প্রান্তিক খেলোয়াড়দের আন্তর্জাতিক চাপের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসাবে। বাঁ-হাতি স্পিনার জয়ডেন লেসগক্স ভারতে অভিষেক সিরিজে নজর কেড়েছেন। বাংলাদেশে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন দলে অভিজ্ঞ মুখ টম লাথাম, উইল ইয়াং ও হেনরি নিকোলস।

টানা চার সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১-এ হোম সিরিজ জিতেছে বাংলাদেশ। টানা ব্যর্থতার পর এই দুটি সিরিজ জয়ে নিজেদের গোছানো দল মনে করছেন মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘আমার দলটা খুব ভালো অবস্থায় আছে। বন্ডিংটা খুবই ভালো। শেষ দুটা সিরিজ তার উদাহরণ। দলে কোনো গ্যাপ নেই। আগে ব্যাটাররা রান পাচ্ছিল না। এখন তারাও ভালো অবস্থায় আছে।’ সবশেষ সিরিজে নাহিদ রানা ও তাসকিন আহমেদের বোলিংয়ে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামও বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে চিন্তিত। বাংলাদেশের মূল সমস্যা লোয়ার মিডল অর্ডার নিয়ে। সঙ্গে রিশাদ হোসেনও ফর্মে নেই। মিরপুরের উইকেট নিয়ে আলোচনা হয় সব সময়। পাকিস্তান সিরিজের মতো বাউন্সি হতে পারে। উইকেট অনেকটা নিউজিল্যান্ড কন্ডিশনের মতো। বেলা ১১টার ম্যাচ, গরমে উইকেট শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজ বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২০০৪ সালের পর বাংলাদেশে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিততে পারেনি নিউজিল্যান্ড। ২০০৮, ২০১০ ও ২০১৩ সালে তারা প্রথম ম্যাচ হেরেছে। ২০২৩-এ প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। মিরাজ আর ২০৯ রান করলে দুই হাজার রান ও ১০০ উইকেটের ‘ডাবল’ নেওয়া দ্বিতীয় বাংলাদেশি হবেন। লাথাম বলেন, ‘এখানে গরম অনেক বেশি। নিউজিল্যান্ডের চেয়ে কন্ডিশন অনেক ভিন্ন। এর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমরা যতটা সম্ভব সতেজ থাকার চেষ্টা করছি। আমাদের সব প্রাণশক্তি একশ ওভারের জন্য।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম