ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বুন্দেসলিগার শেষ রাউন্ডে হ্যাটট্রিক করা হ্যারি কেইন জ্বলে উঠলেন জার্মান কাপের ফাইনালেও। গত পরশু রাতে বার্লিনে ইংলিশ ফরোয়ার্ডের আরেকটি হ্যাটট্রিকে স্টুটগার্টকে ৩-০ গোলে হারিয়ে ছয় বছর পর লিগ ও কাপের ঘরোয়া ডাবল জিতল বায়ার্ন মিউনিখ। ২০২০ সালের পর জার্মান কাপ জিতল তারা এই প্রথম। সব মিলিয়ে এটি তাদের ২১তম কাপ শিরোপা। আর কোনো দল জিততে পারেনি ছয়বারের বেশি। ৫৫ মিনিটে ‘ডেডলক’ ভাঙেন কেইন। ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। যোগ করা সময়ে সফল স্পট-কিকে হ্যাটট্রিক পূর্ণ করেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। দারুণ ছন্দে থেকে বিশ্বকাপে যাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক। মাত্র তৃতীয় ফুটবলার হিসাবে ফাইনালসহ জার্মান কাপের প্রতিটি রাউন্ডে গোল করলেন তিনি। বায়ার্নের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে তিনি করলেন ৬১ গোল। পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে শেষ হয় বায়ার্নের পথচলা। সম্ভাব্য ট্রেবলের সুযোগ হাতছাড়া হওয়া দলটি স্টুটগার্টের বিপক্ষে চাপে ছিল প্রথমার্ধে। ৫৫ মিনিটে খেলার ধারার বিপরীতে বায়ার্নকে এগিয়ে দেন কেইন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গতিময় স্পট-কিকে দলের তৃতীয় গোলটি করেন ৩২ বছর বয়সি কেইন। এর একটু পরেই শিরোপার উচ্ছ্বাসে মাতে জার্মান চ্যাম্পিয়নরা।
