Logo
Logo
×
   

খেলা

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ফিফার ফুটবলবিশ্বে ‘গৃহযুদ্ধের’ শঙ্কা

বিশ্বকাপ বয়কটের হুমকি উয়েফার

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ফিফার ফুটবলবিশ্বে ‘গৃহযুদ্ধের’ শঙ্কা

বিশ্বকাপ শেষ না হতেই ফুটবলবিশ্বে যেন গৃহযুদ্ধ বাধিয়ে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির ফিফার পরিকল্পনা তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ইনফান্তিনোর মস্তিষ্কপ্রসূত এই উদ্ভট পরিকল্পনা জানার পর জরুরি বৈঠক ডাকতে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্বকাপ বয়কট করতে পারে, উয়েফা এই হুমকি দিয়েছে। এক কড়া বিবৃতিতে তারা জানিয়েছে, ফিফার এই পরিকল্পনা আদতে ‘চরম সীমা লঙ্ঘন।’ বিবৃতি শেষ করেছে উয়েফা এই বলে যে, ‘ফুটবলের আত্মা ও পরিচালনা ব্যবস্থা বেচাকেনার মতো কোনো সম্পদ নয়। বিশেষ করে যখন আর্থিকভাবে কারা লাভবান হচ্ছে, সে বিষয়ে কোনো স্বচ্ছতা নেই।’ এদিকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ২০ শতাংশ মালিকানা বিক্রির এই পরিকল্পনায় রাজিত হতে ফিফা তাদের ২১১ সদস্যদেশকে সময় বেঁধে দিয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিফার প্রতিটি সদস্যদেশ এককালীন দুই কোটি ডলারসহ চার বছর মেয়াদে চার কোটি ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাবে। আর প্রস্তাবে সায় না দিলে সহায়তার পরিমাণ কমে আসবে মাত্র এক কোটি ডলারে। ফিফা সভাপতি ইনফান্তিনো জানিয়েছেন, প্রস্তাবের পক্ষে-বিপক্ষে মতামত জানানোর সুযোগ থাকবে প্রতিটি সদস্যদেশের। প্রস্তাব পাশ হতে ফিফার প্রয়োজন সংখ্যাগরিষ্ঠ সদস্যদেশের সমর্থন। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফিফা কাউন্সিলেরও প্রয়োজন হবে, যা ৩৭ জন সদস্য নিয়ে গঠিত। ইনফান্তিনোর পরিকল্পনা প্রকাশ্যে আসার পর ব্যাপক জনরোষ দেখা দিয়েছে। তবে তিনি সমর্থনও পেয়েছেন। চেক প্রজাতন্ত্রের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফিফার এই পরিকল্পনাকে ইতিবাচক বলেছেন।

এদিকে মধ্য ও উত্তর আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফও ফিফার বিতকির্ত পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে। ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও ফুটবলের আত্মা বিক্রির অপচেষ্টার জন্য ধুয়ে দিচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে।

নিজের বিশ্বকাপ বিক্রির পরিকল্পনায় ফিফার ২১১ সদস্য দেশকে রাজি করাতে লোভনীয় টোপ দিয়েছিলেন ইনফান্তিনো। গোপন চিঠিতে তিনি জানিয়েছিলেন, ৫৩ দিনের মধ্যে এ সংক্রান্ত চুক্তিতে সই করলে সব দেশকে ৩০ মিলিয়ন পাউন্ড করে বিশেষ অনুদান দেওয়া হবে। অনুদানের নামে ঘুস দেওয়ার বিষয়টি ফাঁস করে দেয় ব্রিটেনের দুই সংবাদমাধ্যম দ্য টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমস। নিজেদের তথাকথিত যুগান্তকারী পরিকল্পনা এতদিন গোপন রাখলেও সংবাদমাধ্যমে তা প্রকাশ হয়ে যাওয়ার পর মঙ্গলবার বিবৃতি দিয়েছে ফিফা। জানিয়েছে, বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনতে তারা ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামের নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছে। এই প্রতিষ্ঠানের ২১ শতাংশ শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে তাৎক্ষণিকভাবে ৪২০ কোটি ডলার সংগ্রহ করতে চায় ফিফা।

সংস্থাটির মূলধন ধরা হয়েছে প্রায় দুই হাজার কোটি ডলার। ফিফার দাবি, সদস্য দেশগুলোর জন্য উন্নয়ন তহবিল তিনগুণ করার লক্ষ্যেই এই উদ্যোগ। শেয়ার বিক্রির অর্থ থেকে প্রতিটি সদস্য দেশ তাদের বিশেষ প্রয়োজনে দুই কোটি ডলার পর্যন্ত অনুদান হিসাবে নেওয়ার সুযোগ পাবে। এছাড়া চার বছরের চক্রে নিয়মিত অনুদান ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে দুই কোটি ডলার করা হবে। বরাদ্দের পরিমাণ পরের চক্রে আরও বাড়বে। ইনফান্তিনোর মস্তিষ্কপ্রসূত এই পরিকল্পনায় ফিফার প্রধান আর্থিক উপদেষ্টা হিসাবে আছে মার্কিন ব্যাংক ‘জেপি মরগান’। আর সম্ভাব্য বেসরকারি বিনিয়োগকারী দলের নেতৃত্বে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনার। দ্য টাইমস জানিয়েছে, ‘এফএফই’ নামের নতুন প্রতিষ্ঠানের প্রধান হবেন ইনফান্তিনো নিজেই। তার বার্ষিক বেতন হতে পারে সাড়ে ছয় কোটি ডলার। তবে ইনফান্তিনোর পরিকল্পনা ভেস্তে দিতে দ্রুত জরুরি বৈঠকে বসতে যাচ্ছে উয়েফার ৫৫টি সদস্য দেশ। ফিফার প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিতে বিশ্বকাপ বর্জনের আনুষ্ঠানিক হুমকি দেবে তারা। এক বিবৃতিতে উয়েফা বলেছে, ‘ফিফা এমন একটি সীমা অতিক্রম করেছে, যা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কখনোই অতিক্রম করা উচিত নয়। ফুটবলের আত্মা কোনো বেচা-কেনার সম্পদ নয়।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম