Logo
Logo
×
   

খেলা

আরও তিন বিদেশি ডুলির ডাগআউটে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আরও তিন বিদেশি ডুলির ডাগআউটে

সংগৃহীত

থমাস ডুলি এসেছিলেন একা। এবার তার সঙ্গে নতুন কোচিং স্টাফ পেতে যাচ্ছে জাতীয় দল। সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলের ডাগআউটে যোগ দিচ্ছেন আরও তিন বিদেশি কোচ। লক্ষ্য, জাতীয় দলকে আরও আধুনিক, প্রতিযোগিতামূলক করে তোলা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ডুলির কোচিং স্টাফে দুজন সহকারী কোচ ও একজন গোলকিপিং কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। গোলকিপিং কোচ হয়ে আসছেন জার্মানির ক্রিস্তিয়ান বারবুচাক। জার্মানি ও স্লোভাকিয়ার বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলা ৪৯ বছর বয়সি এই কোচ ২০০৩ সাল থেকে কোচিং পেশায় রয়েছেন। কাজাখস্তান জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি সর্বশেষ অস্ট্রেলিয়ার পার্থ এফসিতেও দায়িত্ব পালন করেছেন। এবার তার অধীনে অনুশীলন করবেন বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা, শ্রাবণসহ অন্যরা।

সহকারী কোচ হিসাবে যোগ দিচ্ছেন ভিয়েতনামের এনগুয়েন হোয়াঙ ল্যান। এএফসির ‘সি’ লাইসেন্সধারী এই কোচ এর আগে গায়ানা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। সর্বশেষ কাজ করেছেন ভিয়েতনামের দ্বিতীয় বিভাগের ক্লাব ব্যাচ নিন এফসিতে।

ডুলির সহকারী হিসাবে আরেকটি নাম জার্মানির রেনার্ড কার্ল স্টাম্ফ। ৬৪ বছর বয়সি সাবেক এই সেন্টার-ব্যাক খেলোয়াড়ি জীবনে গালাতাসারে ও এফসি কোলনের জার্সি গায়ে চাপিয়েছেন। কোচ হিসাবে সৌদি আরবের আল শাবাব ও আল ইত্তিফাকের মতো ক্লাবের দায়িত্বে ছিলেন।

হাভিয়ের কাবরেরার বিদায়ের পর বাংলাদেশের দায়িত্ব নেন থমাস ডুলি। তার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইউরোপের দেশ সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে শুরু করেছেন মার্কিন কোচ। বিদেশি তিন কোচের পাশাপাশি দেশের মধ্য থেকেও আরও দুজন সহকারী কোচ যুক্ত করতে চান ডুলি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম