জিমির সঙ্গে ছোট ভাই রাকিনও আছেন হকির চূড়ান্ত দলে
ক্রীড়া প্রতিবেদন
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়ান গেমসের আগে জার্মানিতে ক্যাম্প করতে যাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন জাতীয় হকি দলের জার্মান কোচ পিটার গেরহার্ড। রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলামের মতো চেনা মুখরা ঠাঁই পেয়েছেন দলে। জিমির ছোট ভাই খালেদ মাহমুদ রাকিনও আছেন চূড়ান্ত দলে। জাতীয় দলের জার্সিতে প্রথমবার একসঙ্গে খেলার হাতছানি দুই ভাইয়ের সামনে। এছাড়া তিনজনকে স্ট্যান্ডবাই হিসাবে রেখেছেন গেরহার্ড। তারা হলেন-এম এম মেহরাব হাসান সামিন, আবেদ উদ্দিন ও নুরুজ্জামান নয়ন।
আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে পুল পর্বে বাংলাদেশ খেলবে স্বাগতিক জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই পর্বের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। বাকিরা খেলবে স্থান নির্ধারণী ম্যাচে। এশিয়ান গেমসের আগে নিজের দেশ জার্মানিতে ট্রেনিং ক্যাম্প ও ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা জানিয়েছিলেন গেরহার্ড। কিন্তু ভিসা জটিলতায় জার্মানি যাওয়ার বিষয়টি থমকে আছে। সম্প্রতি ক্যাম্প করতে চীনে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।
