আজ রিয়াল, কাল বার্সেলোনা
আজ রিয়াল ও আগামীকাল শুরু বার্সার লিগ অভিযান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লা লিগার নতুন মৌসুম শুরু হয়ে গেলেও প্রথম সপ্তাহে মাঠে নামেনি দুই পরাশক্তি বার্সোলোনা ও রিয়াল মাদ্রিদ। এবার মিলবে আসল রোমাঞ্চের স্বাদ। আজ রিয়াল ও আগামীকাল শুরু হবে বার্সার লিগ অভিযান। দুদলেরই প্রথম ম্যাচ প্রতিপক্ষের মাঠে।
জোসে মরিনিওর রিয়ালকে আতিথ্য দেবে কাতালান ক্লাব এস্পানল। হান্সি ফ্লিকের বার্সা খেলবে এলচের মাঠে।
গত দুবারের চ্যাম্পিয়ন বার্সার সামনে এবার হ্যাটট্রিক শিরোপার হাতছানি। ১৬ বছর আগে অভিন্ন প্রেক্ষাপটে প্রথমবার রিয়ালের কোচ হয়েছিলেন মরিনিও। ২০২৬ বিশ্বকাপের মতো ২০১০ আসরেও বার্সার খেলোয়াড়ে ঠাসা দল নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। পেপ গার্দিওলার অধীনে লা লিগায় তখন বার্সার জয়জয়কার। ২০১০ সালে রিয়ালের দায়িত্ব নেওয়ার পর ২০১১-১২ মৌসুমে বার্সার আধিপত্যে ছেদ টেনে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে দলকে শিরোপা জেতান মরিনিও। গত দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে না পারা রিয়াল এবারও একই প্রত্যাশায় মরিনিওকে ডাগআউটে ফিরিয়েছে। পর্তুগিজ কোচের প্রথম চ্যালেঞ্জ হবে আক্রমণভাগের তিন নক্ষত্র- কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামকে সঠিক সমন্বয়ে খেলানো। দলের মধ্যে আর কোনো অহমের লড়াই চান না বলে কড়া বার্তা দিয়েছেন মরিনিও।
অক্টোবরের প্রথম এল ক্লাসিকোর আগে বার্সা কোচ ফ্লিকের চ্যালেঞ্জটা অন্যরকম। রদ্রির আগমনে মাঝমাঠ আরও শক্তিশালী হলেও রবার্ট লেওয়ানডোস্কি ও ফেরান তোরেসের বিদায়ে বার্সার আক্রমণভাগে তৈরি হয়েছে শূন্যতা। দ্রুত বিশ্বমানের কোনো সেন্টার ফরোয়ার্ড কিনতে না পারলে ‘ফলস নাইন’ দিয়ে কাজ চালিয়ে নিতে হবে ফ্লিককে। সেক্ষেত্রে খেলার কৌশলেও কিছু পরিবর্তন আনতে হবে তাকে।
